চীনকে টপকে সোনা জিতেই খুশি ভিয়েতনাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশকে প্রথমবারের মতো অলিম্পিকে সোনার পদক উপহার দিলেন হোয়াং জুয়ান ভিন।
দেশকে প্রথমবারের মতো অলিম্পিকে সোনার পদক উপহার দিলেন হোয়াং জুয়ান ভিন।

রিও অলিম্পিকের প্রথম দিনটাই উৎসবের উপলক্ষ হয়ে এল ভিয়েতনামের জন্য। দেশকে প্রথমবারের মতো অলিম্পিকে সোনার পদক উপহার দিলেন হোয়াং জুয়ান ভিন। ভিয়েতনামের মানুষের খুশির আরেকটি কারণ, জুয়ান সোনা জয়ের পথে পেছনে ফেলেছেন চীনের প্রতিদ্বন্দ্বিকে।
শুটিংয়ে ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের এই সোনা অলিম্পিকে ভিয়েতনামের তৃতীয় পদক। এর আগে ২০০০ সালে সিডনি অলিম্পিকে তায়েকোয়ান্দো এবং ২০০৮ বেইজিংয়ে ভারোত্তোলনে দুটি রুপা জিতেছিল ভিয়েতনাম। দেশটির সেনাবাহিনীতে কর্নেল পদে চাকরি করেন জুয়ান ভিন। পেশাগত কারণেই পিস্তল শুটিংয়ে তাঁর এই দক্ষতা। সেটিকেই দারুণভাবে কাজে লাগালেন।
ভিয়েতনামের খেলাধুলার ইতিহাসে স্বাভাবিকভাবেই জুয়ান ভিনের এই সাফল্যকে সেরা ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। ভিয়েতনামের মানুষের খুশির সীমা নেই। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো কাল থেকেই মেতে আছে জুয়ান ভিনের এই সাফল্যে। ফেসবুকে নোগুয়েন দাত নামের এক ক্রীড়াপ্রেমী লিখেছেন, ‘জুয়ান ভিনের সোনা জয়ে ভিয়েতনামের খেলাধুলায় উন্মোচিত হলো নতুন দিগন্ত। চীনের প্রতিদ্বন্দ্বিকে পেছনে ফেলে জুয়ানের এই অর্জন সত্যিই অনন্য, তৃপ্তির।’
চীনের সঙ্গে ভিয়েতনামের কূটনৈতিক সম্পর্ক কখনোই খুব সুখকর ছিল না। সম্প্রতি দক্ষিণ চীন সাগরের আধিপত্য নিয়ে এই দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। সেসব উল্লেখ করে ভিয়েতনামের রাষ্ট্রনিয়ন্ত্রিত একটি পত্রিকায় বলা হয়েছে, ‘১৯৯১ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর থেকেই জুয়ান ভিন শিখেছেন কীভাবে একে-৪৭ রাইফেল দিয়ে চীনের সৈন্যদের দিকে গুলি ছুড়তে হয়।’
সোনা জয়ে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত হচ্ছেন জুয়ান ভিন। তাঁকে এক লাখ মার্কিন ডলার পুরস্কার দেবে ভিয়েতনাম সরকার। সূত্র : এএফপি।