ভিয়েরা যদি ডমেনেখ হতেন...
নিজের ঢাক নিজেই পেটাতে শুরু করেছেন প্যাট্রিক ভিয়েরা। না পিটিয়ে উপায় কী? কোচের সুনজরে যে পড়ছেনই না। তাই নিজে থেকেই ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার বলছেন, ফ্রান্সের বিশ্বকাপ দলে তাঁকে নেওয়া উচিত, ‘আমি যদি ডমেনেখের জায়গায় থাকতাম তাহলে অবশ্যই প্যাট্রিক ভিয়েরাকে দলে নিতাম। তার যে অভিজ্ঞতা আর দৃঢ়প্রত্যয় আছে, ফ্রান্স দলে সে যে অবদান রাখতে পারে—এসব বিবেচনা করেই তাকে দলে রাখতাম।’১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলে ছিলেন ভিয়েরা। খেলেছেন ২০০২ ও ২০০৬ বিশ্বকাপেও। কিন্তু ’৯৮ বিশ্বকাপের মতো অমন পারফরম্যান্স আর দেখাতে পারেননি। ফ্রান্সের জার্সি গায়ে ১০৭ ম্যাচ খেললেও এখন দলেই নিয়মিত নন এ বছরেই ইন্টার থেকে ম্যান সিটিতে নাম লেখানো ভিয়েরা। বয়সও হয়ে গেছে ৩৩। ডমেনেখের ভাবনায় তিনি তাই নেই। তবে ভিয়েরার কথা, ‘২০০৬ সালের চেয়েও এখন অনেক ভালো অবস্থায় আছি। এখনো বিশ্বকাপের বেশ কয়েক মাস বাকি। এই সময়ের মধ্যে অনেক কিছুই ঘটে যেতে পারে। কোচ আমাকে নেবেন—এই আশায় শেষ পর্যন্ত আমি বুক বেঁধে রাখব। আমার ব্যাপারে কোচের মত না পাল্টানোর কোনো কারণ দেখি না। এটা নিশ্চিত, বিশ্বকাপে যেতে আমি আমার সর্বোচ্চ চেষ্টাটাই করে যাব। শেষ পর্যন্ত যেতে না পারলে সেটি আমার জন্য হবে বিরাট হতাশার।’ এএফপি।