ভিয়েরার বিশ্বকাপ-স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুভেন্টাস থেকে ২ আগস্ট, ২০০৬ চলে এলেন ইতালিরই আরেক দল ইন্টার মিলানে। নতুন ক্লাবের সঙ্গে চুক্তি হলো ২০১০ সালের শেষ পর্যন্ত। কিন্তু তাঁকে পেয়ে বসল ইনজুরি। ইনজুরি কাটিয়ে ওঠার পরও বেঞ্চই তাঁর ঠিকানা হয়ে রইল। প্রথম একাদশের হয়ে খেলতে পারলেন সাকল্যে ৮ ম্যাচ। উপেক্ষার যন্ত্রণায় পুড়তে থাকলেন। টানা চারবারের সিরি ‘আ’ চ্যাম্পিয়ন দলটি তাঁর সঙ্গে চুক্তি বাড়াল না। প্যাট্রিক ভিয়েরাকে নতুন কোনো দলের খোঁজ করতেই হতো। পেয়ে গেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিকে। গত ৮ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই দলের খেলোয়াড় হয়ে গেছেন। ইংল্যান্ড মানেই ফরাসি মিডফিল্ডারের হূদয়ে একটা অনপনেয় দাগ। বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডারের তকমাটা জুটেছিল ইংল্যান্ডেরই ক্লাব আর্সেনালে ১৯৯৬ থেকে ২০০৫ পর্যন্ত খেলার সময়। আবার ইংল্যান্ডে ফিরে নতুন একটা স্বপ্নকেও ফিরে পেলেন চোখের তারায়। খেলতে চান ২০১০ বিশ্বকাপেও।ফ্রান্সের কোচ রেমন্ড ডমেনেখের সঙ্গে দেখা করেছিলেন গত বড়দিনটার কেবলই আগে। ডমেনেখ অবশ্য কথা দেননি। নিজেই স্বীকার করেছেন, যতটা সহজ মনে হচ্ছে, পরিস্থিতি ততটা সহজ আসলে নয়। তবু ভিয়েরা আশাবাদী, আরেকটা বিশ্বকাপ খেলছেনই। গত রোববার সন্ধ্যায় ক্যানাল ফুটবল ক্লাবের টেলিভিশন শোতে বলেছেন, ‘শতকরা শতভাগ সুযোগ’ দেখছেন এই বিশ্বকাপে খেলার।সুযোগ তিনি পেতেই পারেন। জিনেদিন জিদানের অবসরের পর ফ্রান্সের একজন নেতার দরকার, যাঁর উজ্জ্বল উপস্থিতি দলকে অনুপ্রাণিত করবে, জয়ের মন্ত্রে উজ্জীবিত করবে। কষ্টে-সৃষ্টে, প্লে-অফের পেছন দরজা দিয়ে বিশ্বকাপ ২০১০ কোয়ালিফাই করে এটি নিশ্চয়ই বুঝেছে ১৯৯৮-এর বিশ্ব চ্যাম্পিয়ন এবং ২০০৬ বিশ্বকাপের রানার্সআপ দলটি। ভিয়েরার মধ্যে সেই ক্যারিশমা তো আছেই। ১৯৯৮ বিশ্বকাপ বিজয়ী দলের গর্বিত সদস্য তিনি, ফ্রান্সকে গত বিশ্বকাপের ফাইনালে তুলতেও রেখেছেন বিশেষ ভূমিকা। ফ্রান্সের হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেছেন গত বছরের জুনে। অনেকে হয়তো ভাবছেন, ফর্মে মরচে ধরে গেছে ভিয়েরার। কিন্তু তিনি তা মানেন না, ‘খুব দ্রুতই যেহেতু মাঠে নেমে পড়ছি, তাই বিশ্বকাপের দলে নির্বাচিত না হওয়ার কোনো কারণ আমি দেখছি না। আমাকে খেলতে হবে, এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। হাতে এখনো পাঁচ মাস আছে।’ব্রাজিলের রোনালদো এখনো আশার জাল বুনছেন—বিশ্বকাপে খেলবেন। বেকহাম-রোনালদিনহোরা উঠেপড়ে লেগে গেছেন কোচের মন জয় করতে। রবার্তো কার্লোস পর্যন্ত স্বপ্ন দেখছেন। তাহলে ৩৩ বছর বয়সী ভিয়েরার স্বপ্ন দেখতে দোষ কী? সেনেগালে জন্ম নেওয়া ফরাসি মিডফিল্ডারের কাছে এই বিশ্বকাপটা বিশেষ আবেগেরও। যে মহাদেশের রক্ত শরীরে, সেই আফ্রিকার প্রথম বিশ্বকাপ কি ভিয়েরার ধমনিতে নাচন না ধরিয়ে পারে?