ভুকসেভিচের অন্য লড়াই
গত শনিবার জার্মান লিগে মুখোমুখি হয়েছিল হফেনহেইম-অগসবুর্গ। বড় ম্যাচ নয়, কিন্তু ম্যাচটার ওপর চোখ ছিল অনেকেরই। খেলা শুরুর আগে হফেনহেইম খেলোয়াড়দের চোখ কি টলমল করেছিল অশ্রুতে?করারই কথা, তাঁদের সতীর্থ মিডফিল্ডার বরিস ভুকসেভিচ যে আছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে! গত শুক্রবার ক্লাবের অনুশীলন মাঠের কাছের রাস্তায় তাঁর গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়ি কেটে বের করতে তাঁকে। এয়ার অ্যাম্বুলেন্সে মুমূর্ষু অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মাথায় গুরুতর চোট তাঁর। এখনো জীবনসংশয় কাটেনি, আছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকক্ষে। হফেনহেইমের শনিবারের ম্যাচটাও তাই পড়ে গিয়েছিল সংশয়ে। ক্লাব মহাসচিব আন্দ্রেস মুলার পরশু সংবাদ সম্মেলনেই বলেছিলেন, ‘আমাদের দল এর আগে এমন সংকটে কখনো পড়েনি। আমরা আমাদের সব শক্তি ছেলেটার ভেতর সঞ্চারিত করতে চাই। আমরা ওর জন্য লড়াই করতে চাই। কারণ সে একজন যোদ্ধা।’প্রথমে ম্যাচটা না খেলার ব্যাপারেই সিদ্ধান্ত হয়েছিল। পরে অবশ্য ভুকসেভিচের মা-বাবার ইচ্ছানুযায়ী ক্লাব কর্তৃপক্ষ ম্যাচটা চালিয়ে যাওয়ারই সিদ্ধান্ত নেন। কারণ ভুকসেভিচ নিজেই সেটা চাইতেন। ম্যাচটা অবশ্য জিততে পারেনি তাঁর দল। ২০০৯ সালের মে মাসে হফেনহেইমে অভিষেক হয়েছিল ভুকসেভিচের। খেলেছেন জার্মানির অনূর্ধ্ব-২১ দলেও। ওয়েবসাইট।