ভুটানি মেয়েদের বাংলা-শিক্ষা
এএফসি অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবলের বাছাইপর্বের আগে একটিও অনুশীলন ম্যাচ খেলতে পারেনি বলে আক্ষেপ ছিল সাবিনা, তৃষ্ণাদের। কাল সেই আক্ষেপ কিছুটা ঘুচল বাংলাদেশের মেয়েদের। মহিলা সাফ চ্যাম্পিয়নশিপের একমাত্র প্রস্তুতি ম্যাচে ভুটানকে নিয়ে রীতিমতো খেলল বাংলাদেশ মহিলা দল। মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে স্বাগতিকেরা জিতেছে ৭-০ গোলে।১২ ডিসেম্বর কক্সবাজারে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে এই জয় বাংলাদেশকে আত্মবিশ্বাস জোগাবে সন্দেহ নেই। তবে দুর্বল ভুটানকে হারিয়ে উচ্ছ্বাসে ভেসে যাওয়ারও কিছু নেই। ভুটান দলটির বেশির ভাগ মেয়েই এখনো স্কুলে পড়ে। দুই মাসের অনুশীলন করে বাংলাদেশে এসেছে প্রথম বড় কোনো টুর্নামেন্টে খেলতে। অভিজ্ঞতা নেই বললেই চলে। মাঠে ভুটানের মেয়েরা পাত্তাই পায়নি। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে দেয় আরও ৪ গোল। অম্রা ও সাবিনা ২টি করে এবং জানু, সুইনু ও ইতি একটি করে গোল করেছেন। ম্যাচ শেষে কোচ গোলাম রব্বানি (ছোটন) জানালেন, ‘অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে যে ভুল করেছিল ওরা, সেটা এখানে শোধরানোর চেষ্টা করেছি। প্রথমার্ধে ভালো খেললেও দ্বিতীয়ার্ধে ভেঙে পড়ত ওরা। দেড় মাস ধরে এসব বিষয়ই কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। আরও বেশি ম্যাচ খেলতে পারলে ভালো হতো। কিন্তু আমাদের হাতে সময় নেই।’ভুটানের জাপানি কোচ হিরোয়াকি মাতসুয়ামা নিজেদের দুর্বলতার চেয়ে বেশি প্রশংসা করলেন বাংলাদেশের, ‘বাংলাদেশ খুব শক্তিশালী দল। তবে এটা ঠিক, আমরা পুরো শক্তির দল নিয়ে আসিনি। কয়েকজন ভালো খেলোয়াড় পরীক্ষার জন্য আসতে পারেনি।’