ভুতুড়ে গোলে জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেড করে স্টেফান কিসলিংও দেখলেন বল চলে যাচ্ছে বারের পাশ দিয়ে। অথচ সেই বলই কিনা জালের ছিদ্র দিয়ে ভেতরে! পরশু তাঁর এই ভুতুড়ে গোলেই বুন্দেসলিগায় জিতেছে বেয়ার লেভারকুসেন ষ এএফপি
হেড করে স্টেফান কিসলিংও দেখলেন বল চলে যাচ্ছে বারের পাশ দিয়ে। অথচ সেই বলই কিনা জালের ছিদ্র দিয়ে ভেতরে! পরশু তাঁর এই ভুতুড়ে গোলেই বুন্দেসলিগায় জিতেছে বেয়ার লেভারকুসেন ষ এএফপি

কত বিচিত্রভাবেই না গোল হয়! তবে পোস্টের বাইরে দিয়েও গোল হওয়াটা একটু বেশিই অদ্ভুত। পরশু বুন্দেসলিগায় হফেনহেইম ও বেয়ার লেভারকুসেনের ম্যাচে ঘটেছে এমনটাই। কর্নার থেকে লেভারকুসেন স্ট্রাইকার স্টেফান কিসলিংয়ের হেড চলে যায় পোস্টের ঠিক বাইরে দিয়ে। কিন্তু নেটের ছিদ্র দিয়ে বলটা ঢুকে যায় জালে। রেফারি বাজান গোলের বাঁশি!
কিসলিংয়ের এই ভুতুড়ে গোলেই হফেনহেইমকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছিল লেভারকুসেন। গতকাল মেইঞ্জকে ৪-১ গোলে হারিয়ে শীর্ষে উঠেছে বায়ার্ন মিউনিখ। গোল হয়নি ভেবে দুই হাতে মুখ ঢেকে প্রথমে হতাশাই ব্যক্ত করেন কিসলিং। কিন্তু সতীর্থদের উদ্যাপন আর রেফারির বাঁশি শুনে তিনিও উৎসব শুরু করে দেন। পরে রিপ্লেতে স্পষ্টই দেখা গেছে বলটা আসলে পোস্টের বাইরে থেকেই ছিদ্র দিয়ে ঢুকেছে জালে! এই গোলটি নিয়েই এখন ফেসবুক-ইউটিউবে ঝড় বইছে।
জার্মানিতে কিসলিংয়ের গোলটাই গোল না-হওয়া প্রথম গোল নয়। ১৯৯৪ সালে বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার টমাস হেলমারও নুরেমবার্গের বিপক্ষে এমন একটা গোল পেয়েছিলেন। বায়ার্ন ম্যাচটাও জিতেছিল ২-১ গোলে। যদিও নুরেমবার্গের অভিযোগের মুখে জার্মান ফুটবল ফেডারেশন
ম্যাচটা ফের আয়োজন করেছিল এবং ফিরতি ম্যাচে বায়ার্ন জিতেছিল ৫-০ গোলে।
হফেনহেইমের কোচ মারকাস গিসডলের বিশ্বাস, এবারও ম্যাচটা পুনরায় আয়োজনের সিদ্ধান্ত হবে। হফেনহেইমের পরিচালক আলেক্সান্ডার রসেন বলেই দিয়েছেন, তাঁরা প্রতিবাদ জানাবেন। বিব্রত গোলটির মালিক কিসলিংও, ‘প্রথমে আমিও ভেবেছিলাম বল ভেতরে ঢোকেনি। কিন্তু সবাই আমার দিকে ছুটে এল এবং উদ্যাপন শুরু করে দিল।’ গোলটির আরেক ‘নায়ক’ রেফারি ফেলিক্স ব্রাইখ বলেছেন, ‘আমারও একটু সন্দেহ ছিল। কিন্তু খেলোয়াড়দের প্রতিক্রিয়া দেখে মনে হলো গোলই হয়েছে!’ এএফপি, রয়টার্স।