ভুতুড়ে রান
১.
এক দলের ইনিংস শেষ, দুই দলই ড্রেসিংরুমে। কিন্তু মাঝের বিরতিতে বেড়ে গেল প্রথমে ব্যাট করা দলের রান! ভুতুড়ে এই কাণ্ড ঘটেছিল মরুশহর শারজায়, ১৯৯৫ এশিয়া কাপে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ইনিংস শেষ হলো ১৪৮ রানে। কিন্তু ব্যাটিংয়ে নামার সময় পাকিস্তানের লক্ষ্য হয়ে গেল ১৫২! ঘটনা হলো, আকরাম খানের একটি শট বাউন্ডারিতে পড়িমরি করে ফিরিয়েছিলেন ফিল্ডার। দৌড়ে এক রান নিয়েছিলেন আকরাম, পরে তৃতীয় আম্পায়ার দেখতে পান সেটি আসলে চার ছিল। ব্যস, ড্রেসিংরুমে বসেই আকরামের রান ৪১ থেকে হয়ে গেল ৪৪, বাংলাদেশ ১৪৮ থেকে ১৫১!
২.
১৫২ রানের ওই লক্ষ্য ছুঁতে গিয়ে হলো আরেক নাটক। নাঈমুর রহমানের বলে ছয় মেরে লক্ষ্য ছুঁয়ে ফেললেন ওয়াসিম আকরাম। কিন্তু মাঠের স্কোরবোর্ড তখনো রান দেখাচ্ছিল ১৫১। পরের বলে চার মেরে জয় এনে দিলেন আকরাম। পরে অফিশিয়াল স্কোরকার্ডে জানা গেল, পাকিস্তান জিতে গেছে আগের ছক্কাটিতেই। যে ম্যাচে এক আকরামের ক্যারিয়ারে ‘যোগ’ হলো হারিয়ে যাওয়া ৩ রান, ওই ম্যাচেই আরেক আকরামের ক্যারিয়ার থেকে হারিয়ে গেল ৪টি রান!