
ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ড-ভারত প্রথম টেস্ট শেষে নাকি গিয়েছিলেন নটিংহ্যামের একটি পানশালায়। মদ্যপ অবস্থায় হঠাৎ খালি গা হয়ে গিয়েছিলেন। বিয়ারের বোতল হাতে নিয়ে তাঁকে মাতলামিও করতেও দেখেছেন অনেকে। কেউ কেউ বলেছেন, ওই অবস্থায়ই গ্যারি ব্যালান্স নাকি ‘ইংল্যান্ড...ইংল্যান্ড’ বলে চিৎকার করছিলেন। পরদিন সেসব ছবি ছাপা হয়েছে বেশ কয়েকটি ব্রিটিশ ট্যাবলয়েডে। তবে এমন আচরণের পরও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ব্যালান্সকে শুধু সতর্ক করেই ছেড়ে দিয়েছিলেন। কোচ পিটার্স মুরস দাঁড়িয়েছিলেন তাঁর পাশে। কৃতজ্ঞতাটা যেন ব্যাট হাতে জানালেন বাঁহাতি এই ইংলিশ ব্যাটসম্যান। লর্ডসে প্রথম ইনিংসে ভারতের ২৯৫ রান তাড়া করতে নেমে ৭০ রানে ৩ উইকেট হারিয়ে যে ইংল্যান্ড ধুঁকছিল, তারাই এ প্রতিবেদন লেখা পর্যন্ত তুলেছে ৪ উইকেটে ১৭০ রান। ব্যালান্স অপরাজিত আছেন ৮০ রানে। টেস্ট শুরুর আগে যাঁকে নিয়ে এত বিতর্ক, ভারতের বিপক্ষে লড়ার মতো সংগ্রহের জন্য এখন তাঁর দিকেই তাকিয়ে ইংল্যান্ড।
পুরোপুরি নিখাদ নয় অবশ্য ব্যালান্সের ইনিংসটাও। ইংল্যান্ডের ইনিংসের ৪০তম ওভারে স্টুয়ার্ট বিনির বলে ক্যাচ তুলে দিয়েছিলেন উইকেটের পেছনে। কিন্তু সেটা ধরতে পারেননি উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনি। তাঁর এবং প্রথম স্লিপের মাঝখান দিয়ে বেরিয়ে গেছে বল। ব্যালান্স তখন ব্যাট করছিলেন ৩২ রানে। দিনের বাকি সময়টা সেই ক্যাচ মিসের জন্য ধোনিকে আক্ষেপে পুড়িয়েছেন জিম্বাবুইয়ান বংশোদ্ভূত ইংলিশ ব্যাটসম্যান।
ব্যালান্সের দারুণ ইনিংসের আগের গল্পটা অবশ্য শুধুই ভুবনেশ্বর কুমারের। ৯ উইকেটে ২৯০ রান নিয়ে দিন শুরু করা ভারতের ইনিংস দ্বিতীয় দিন স্থায়ী হয়েছে মাত্র ১.৪ ওভার। দলের স্কোরের সঙ্গে আর মাত্র ৫ রান যোগ হওয়ার পরই বেন স্টোকসের বলে অ্যালিস্টার কুকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মোহাম্মদ সামি। লর্ডসের ঘাসে ঢাকা পিচে তাই সকালেই বল হাতে পেয়ে যান ভুবনেশ্বর। সুযোগটাও তিনি কাজে লাগান দারুণভাবে। তাঁর দুর্দান্ত বোলিংয়ে একে একে ফিরে যান ইংল্যান্ড অধিনায়ক কুক, স্যাম রবসন ও ইয়ান বেল। চোখে পড়ার মতো ব্যর্থতা অবশ্যই কুকের। মাত্র ১০ রানে ধোনির হাতে ক্যাচ তুলে দেওয়া কুক এই নিয়ে টানা আটটি ইনিংসে অর্ধশতকহীন। সর্বশেষ সেঞ্চুরিটা পেয়েছিলেন ২৬ ইনিংস আগে, গত বছর মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে। অধিনায়ক না হলে এমন ফর্মের পর তাঁর দলের জায়গা নিয়ে প্রশ্ন উঠত বৈকি!