ভুভুজেলা আছে থাকবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুভুজেলার আয়ু আছে বলতে হবে! এত বিরোধিতা আর হইচইয়ের পর মনে হচ্ছিল অন্তত স্টেডিয়াম থেকে নির্বাসিত হতে চলেছে এই কান ঝালাপালা করা বাঁশি। কিন্তু বেশির ভাগ ফুর্তিবাজ দক্ষিণ আফ্রিকান তো বটেই, ফুটবলের হর্তাকর্তারা মোটের ওপর এর পক্ষেই। ফিফার আশীর্বাদ আগে থেকেই ছিল, এবার স্থানীয় আয়োজক কমিটিও বলছে ভুভুজেলাকে মেনে নিতে।অন্যদিকে, সম্প্রচার প্রতিষ্ঠান আর বিদেশি খেলোয়াড়দেরও কেউ কেউ অবিরাম বেজে চলা এই বাঁশিকে এড়িয়েই কাজ চালানোর কায়দা বের করছেন। সব মিলিয়ে মনে হচ্ছে ভুভুজেলার ‘বিপদ’ কেটে গেছে।ভুভুজেলা নিয়ে কথা উঠেছিল দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত গত কনফেডারেশনস কাপেও। অনেকের আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত কিছুই হয়নি। কিন্তু ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর গুরুত্ব বহুগুণ বেশি। জনসমাগম, ব্যবসা সব বিবেচনায়ই এ এক আলাদা ব্যাপার। তাই কয়েক দিন ধরে নতুন করে ভুভুজেলা নিয়ে বিতর্ক হচ্ছে। ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার ইতিমধ্যেই ব্যাপারটাকে আফ্রিকার ঐতিহ্যের অংশ হিসেবে মেনে নিতে বলেছেন। অন্যদিকে, আয়োজক কমিটির প্রধান নির্বাহী ড্যানি জর্ডান ইঙ্গিত দিয়েছিলেন স্টেডিয়ামের ভেতরে ভুভুজেলা নিষিদ্ধ করা হতে পারে। কিন্তু স্থানীয় আয়োজক কমিটির (এলওসি) প্রধান যোগাযোগ কর্মকর্তা রিচ এমখন্দো বলছেন, সিইওর কথার ভুল অর্থ করা হয়েছে। যেভাবে উদ্ধৃত করা হয়েছে তাতে তাঁর মূল বক্তব্য প্রকাশিত হয়নি। তিনি বলতে চেয়েছেন, লোকে যদি অন্য কোনো কাজে ভুভুজেলার অপব্যবহার করে তবেই তা নিষিদ্ধের বিবেচনা করা যেতে পারে।যোগাযোগ কর্মকর্তা বললেন, প্রধান নির্বাহী গতকাল যা বলেছেন তা এক বছর আগে, গত জুনে বলা কথা থেকে আলাদা কিছু নয়। জোর দিয়েই বললেন তিনি, স্টেডিয়াম থেকে প্লাস্টিকের এই ট্রাম্পেট কেতার বাঁশি নিষিদ্ধ করার কোনো সম্ভাবনা নেই। ‘ভুভুজেলা থাকবে। কখনোই নিষিদ্ধ হবে না’, স্পষ্ট ঘোষণা তাঁর।এবার নজর ইউরোপে!পক্ষে-বিপক্ষে যে যা-ই বলুন, দুই ব্যবসাবুদ্ধিঅলা জার্মানরা এবার গোটা ইউরোপে ভুভুজেলা বেচার ধান্ধা করছেন। ইতিমধ্যেই জার্মানিতে বেশ কয়েক লাখ বাঁশি উৎপাদনও করা হয়েছে। এ পর্যন্ত গোটা ইউরোপে যা বিক্রি হয়েছে তার ৯০ শতাংশই জার্মানিতে। বেশির ভাগ বিক্রি হচ্ছে পেট্রল স্টেশন বা সুপার মার্কেটে। আবার অনেক ব্যবসাপ্রতিষ্ঠান তা কিনছে গ্রাহকদের ফাও হিসেবে দেওয়ার জন্য। লাভ কেমন হচ্ছে, এ প্রশ্নের জবাবে দুই ব্যবসায়ীর একজন ফ্রানক উরবাস শুধু বললেন, ‘আমরা অখুশি না ভাই।’ গত মার্চে দক্ষিণ আফ্রিকার মূল কোম্পানির কাছ থেকে লাইসেন্স কিনেছিলেন এই দুই জার্মান।বিবিসির পরিকল্পনাএদিকে বিবিসি তার দর্শকদের অভিযোগের মুখে ‘ভুভুজেলা ফ্রি’ সম্প্রচারের সম্ভাবনা খতিয়ে দেখছে বলে জানিয়েছে গার্ডিয়ান পত্রিকা। মাঠের খেলার আওয়াজ ঠিক রেখে গ্যালারির শব্দের বেশির ভাগই বন্ধ রেখে ম্যাচ সম্প্রচারের পরিকল্পনা করছে বিবিসি। তবে ব্রিটেনের সবচেয়ে প্রভাবশালী এ সম্প্রচার প্রতিষ্ঠান ভুভুজেলার বিরুদ্ধে যে ব্যবস্থাই নিক, খোদ সে দেশেই ‘হটকেকের মতো’ বিক্রি হচ্ছে বাঁশিটি। ইংল্যান্ডের প্রথম ম্যাচের আগে শুধু সেইনসবারি একাই বারো ঘণ্টায় বিক্রি করেছে ২২ হাজার ভুভুজেলা। আমাজন বলছে অনলাইনে তাদের বিক্রি বেড়েছে এক হাজার শতাংশ।ড্যানিশ কায়দাঅন্যদিকে, ভুভুজেলার অত্যাচার থেকে গা বাঁচাতে অভিনব এক কায়দা বের করেছে ডেনমার্ক দল। দলটির গোলকিপার টমাস সোরেনসেন প্রস্তাব করেছেন আগে থেকে পরিকল্পনা, চোখের ইঙ্গিত আর ইশারা ভাষা দিয়ে ভুভুজেলাজনিত শব্দ সংকট মোকাবিলার। অনেক খেলোয়াড়ই অভিযোগ করেছেন, গ্যালারিতে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত তারস্বরে বেজে চলা ওই বাঁশি তাঁদের মনঃসংযোগে বাধা হয়ে দাঁড়িয়েছে।