জোহানেসবার্গভুভুজেলা সম্পর্কে অল্পবিস্তর জানা ছিল। গত বছর কনফেডারেশনস কাপে এ জিনিসটি একেবারে জ্বালিয়ে মেরেছে ব্রাজিল, স্পেন, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, ইরাক ও মিসরকে। এই বাদ্যযন্ত্রের গগনবিদারী চিত্কারে খেলোয়াড়েরা মাঠে ঠিকমতো মনঃসংযোগই ধরে রাখতে পারেননি। তখনই এটা নিয়ে কথা উঠেছিল, মূর্তিমান উত্পাতকে যেন বিশ্বকাপের মাঠে নিষিদ্ধ করা হয়। কিন্তু গোটা আফ্রিকা তখন পাশে এসে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকার। ফিফাকে বোঝানো হয়, আফ্রিকান সংস্কৃতির অন্যতম এই ঐতিহ্যকে বিদায় করে দিলে বিশ্বকাপেরই প্রাণ থাকবে না। ব্যস, ফিফা রাজি হয়ে গেল, মাঠে ঢোকার অনুমতি পেয়ে গেল ভুভুজেলা।জোহানেসবার্গ আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেই আমার পরিচয় হলো ভুভুজেলার সঙ্গে। লম্বা একটা বাঁশি, প্লাস্টিকের তৈরি, নানা রঙের—লাল, সবুজ, হলুদ, নীল। দরদাম করে দেখা গেল সবচেয়ে কম দামেরটিও ১০ র্যান্ডের। বাংলাদেশি মুদ্রায় ১০০ টাকা খরচ করলে ছোট সাইজের একটা ভুভুজেলা পাওয়া যায়। একটু মাঝারি বা বড়গুলোর দাম ২০-৩০ র্যান্ড। ফুঁ দিলেন আর সশব্দে বেজে উঠল এই বাঁশি, ব্যাপারটি এত সহজও কিন্তু নয়। এটা বাজাতে মুখ থেকে অনেক বাতাস বের করতে হয়। আফ্রিকানদের জন্য ডালভাত। আর তা থেকেই শব্দ বেরোয় শিঙার ফুঁয়ের মতো।কত জোরালো হবে শব্দ? ৮০ ডেসিবেল, ১০০ ডেসিবেল? মাপা যায়নি। তবে কান ঝালাপালা হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ভুভুজেলার এমনই শক্তি যে, পরশু স্থানীয় আয়োজক কমিটি ভুভুজেলা দিবস পর্যন্ত পালন করে ফেলল। হাজার হাজার নারী-পুরুষ ভুভুজেলা বাজিয়ে নেচেগেয়ে আনন্দ করে বেড়াল। জোহানেসবার্গের মূল কেন্দ্র স্যান্ডটনেই এটি দেখা গেল বেশি। তবে ওই পর্যন্তই। ভুভুজেলা দিবসের পর এটি আর যেখানে-সেখানে বাজানো যাবে না খেলার সময় স্টেডিয়াম ছাড়া। কড়া নিষেধাজ্ঞা। তবে এই নিষেধাজ্ঞা কত সময় পর্যন্ত টিকে থাকে কেউ বলতে পারে না। সারা দেশে দেদার বিকোচ্ছে ভুভুজেলা।স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে নিয়ে যে দেশবাসী বড় স্বপ্ন দেখছে, তার একটা কারণ হতে পারে এই ভুভুজেলা। কোচ কার্লোস আলবার্তো কবুল করেছেন, ভুভুজেলার শব্দ একটা প্রেরণা হতে পারে তাঁর দলের জন্য। এতে প্রতিপক্ষ দলগুলোর একটু ভয় ভয় তো করেই। ভুভুজেলার বিরুদ্ধে সবচেয়ে সরব ইউরোপিয়ান দলগুলো। তালিকায় সবার আগে ইংল্যান্ড। তবে যে মেক্সিকোর সঙ্গে আজ দক্ষিণ আফ্রিকার খেলা, তারা দেখা গেল ভুভুজেলার ব্যাপারে উদাসীন। অন্তত কিছু সমর্থক তো বটেই।কাল এক দঙ্গল সমর্থককে দেখা গেল ইস্ট গেট এলাকায়। কারও মাথায় রঙিন শিং, কারও মাথায় বহু রঙের কাউবয় ক্যাপ, কারও হাতে বিশাল মেক্সিকান পতাকা।একজনকে বললাম ভুভুজেলার জন্য তৈরি থাকতে। কানের পর্দাটর্দা যেন ফেটে না যায়। আর খেলোয়াড়েরা যেন সাহস ধরে রাখেন, ভুভুজেলার শব্দে যাতে তাঁরা ঘাবড়ে না যান। কিন্তু এসব ভয় ধরানো কথায় ওদের বিচলিত করা গেল না। একজন বললেন, ‘ওরা ওদের মতো করে আনন্দ করবে, আমরা আমাদের মতো। ওতে কোনো সমস্যা নেই।’খাঁটি মেক্সিকানের মতোই কথা। ব্রাজিলের সাম্বাখ্যাত সমর্থকদের খ্যাতি দুনিয়াজোড়া। ইংলিশ ফুটবলের হুলিগানরাও কুখ্যাত। তবে মেক্সিকান ফুটবল সমর্থকেরা কম যায় না। তারাও বহু বর্ণিল। তারাও দারুণ আমুদে। ফুটবল দলের সঙ্গে দল বেঁধে ঘুরে বেড়ায় দুনিয়াজুড়ে। কিন্তু তারা উচ্ছৃঙ্খল—এই অপবাদ কেউ দিতে পারবে না।তবে মেক্সিকান ওই সমর্থক ভুভুজেলাকে আমলে না নিলেও আজকের ম্যাচের পর তাঁর ধারণা বদলে যেতে পারে। এক মিডিয়া কর্মকর্তার কাছ থেকে জানা গেল, ৯৪ হাজার ধারণক্ষমতার এই স্টেডিয়ামে আজ ৫০ হাজার ভুভুজেলা দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।চিন্তা করে দেখুন, ৫০ হাজার বাঁশির ফুঁ পড়ছে একই সঙ্গে। কী ভয়ংকর কথা! এখানে বিশ্বকাপের নামে শব্দব্রহ্মের লীলাও হবে? কানে তুলা দিয়েই স্টেডিয়ামে যেতে হবে দেখছি।