ভুভুজেলা থামিয়ে দিল উরুগুয়ে
ম্যাচের তখন ৭৬ মিনিট, হঠাৎ থেমে গেল ভুভুজেলার কান ফাটানো শব্দ। প্রিটোরিয়ার লফটাস ভার্সফেল্ড স্টেডিয়ামে নেমে এসেছিল অন্য রকম এক নিস্তব্ধতা। না, ফিফা ভুভুজেলা নিষিদ্ধ করার আকস্মিক কোনো ঘোষণা দেয়নি। সুইস রেফারি মাসিমো বুসাক্কির বাঁশির একটি ফুঁতে হারিয়ে গেছে ভুভুজেলার শব্দ। ওই ফুঁয়ে ছিল একটি পেনাল্টির সিদ্ধান্ত, খুলে দেওয়া হলো ম্যাচ থেকে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার চূড়ান্ত ছিটকে পড়ার দরজা।লুইস সুয়ারেজকে থামাতে ফাউল করেছিলেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক কুনে। রেফারি ফাউলের নির্দেশ দিয়েছেন। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে ডিয়েগো ফোরলান উরুগুয়েকে এগিয়ে দেন ২-০ তে। এরপর ইনজুরি সময়ে আলভারো পেরেইরার গোলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।পেনাল্টির আগে একটি গোল হয়েছে, আরেকটা হয়েছে পরে। তবে ৮০ মিনিটের ওই পেনাল্টি এবং গোলরক্ষক ইতুমেলেং খুনের লাল কার্ড পাওয়াকেই ম্যাচের টার্নিং পয়েন্ট বলছেন দক্ষিণ আফ্রিকার কোচ ও অধিনায়ক। ‘পেনাল্টিটিই আমাদের ম্যাচ থেকে চূড়ান্তভাবে ছিটকে ফেলেছে’—বলেছেন দক্ষিণ আফ্রিকার ব্রাজিলিয়ান কোচ কার্লোস আলবার্তো পাহেইরা। আর অধিনায়ক অ্যারন মোকোয়েনার কথা, ‘ওই পেনাল্টিটিই আসলে ম্যাচের টার্নিং পয়েন্ট।’ পাহেইরা ও মোকোয়েনা দুজনই আবার নিজেদের কথার সঙ্গে পাদটীকা জুড়ে দিয়েছেন। পাহেইরা যেমন পেনাল্টির সঙ্গে সেভিয়া স্ট্রাইকার ফোরলানের প্রথম গোলটিকেও দেখছেন বড় করে, ‘ফোরলান হচ্ছে পার্থক্য গড়ে দেওয়ার মতো একজন খেলোয়াড়। সে এমন একজন খেলোয়াড়, যার ওপর চোখ না রাখলে আপনার ক্ষতি করে দেবে।’ আর মোকোয়েনা বলছেন, ম্যাচের শুরুতেই ম্যাচ থেকে নিজেদের ছিটকে পড়ার কথা, ‘প্রথম ১৫-২০ মিনিটেই ওরা আমাদের সব দিক থেকে চেপে ধরেছিল। আমরা আসলে নিজেদের খেলাটাই ভুলে গিয়েছিলাম, হারিয়ে ফেলেছিলাম আত্মবিশ্বাস।’২৪ মিনিটে তারকা স্ট্রাইকার ডিয়েগো ফোরলানের অসাধারণ এক গোলে এগিয়ে গিয়েছিল উরুগুয়ে। ২৫ মিটার দূর থেকে নেওয়া ফোরলানের ওই গোলের পর প্রথমার্ধে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। ৮০ মিনিটের ওই পেনাল্টির পর তো সব শেষই হয়ে গেল! এর পরও অবশ্য আবার ভুভুজেলা বেজেছে। দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের জাগিয়ে তোলার চেষ্টা করেছে স্বাগতিক দর্শকেরা। কিন্তু তা আর সম্ভব হয়নি। উল্টো শেষ মুহূর্তে আরও একটা গোল খেয়ে বসে তারা।তবে শেষ গ্রুপ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে জেগে ওঠার প্রত্যয় দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচের গোলদাতা সিফিউই শাবালালার, ‘এ ম্যাচে আমরা আমাদের সেরা খেলা খেলতে পারিনি। তবে ফ্রান্সের বিপক্ষে ভালো খেলব, এই বিশ্বাস আছে। ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য ফাইনাল।’উরুগুয়ের জন্য পরশুর জয়টি বিশেষ কিছু। ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপে জয় পেল তারা। গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার কাছে এটি আরও স্মরণীয় হয়ে থাকবে। জয় আর ২৪তম জন্মদিনের আনন্দ যে মিলেমিশে একাকার হয়ে গেছে তাঁর! মুসলেরা এখন এই ধারাবহিকতা ধরে রাখতে চান মেক্সিকোকে হারিয়ে নকআউটে উঠে, ‘আমরা এক ধাপ এগিয়ে গেছি। কিন্তু ম্যাচ তো আরও একটি আছে। সে ম্যাচেও ভালো খেলতে চাই আমরা।’উরুগুয়ের পরশুর জয়ের নায়ক ফোরলানেরও একই ইচ্ছা। ‘সব স্ট্রাইকারই গোল করতে পছন্দ করে। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জয়। এ ম্যাচে আমরা যা করেছি, মেক্সিকোর বিপক্ষেও সেটা করতে চাই। ভালো খেলতে চাই, চাই জিততে’—বলেছেন ২ গোল করে পরশু পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে থাকা ফোরলান। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।