ভুল আর ব্যর্থতার কাটাছেঁড়া
দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় বিপ্লব ভট্টাচার্য। সব সাফেই খেলেছেন। কিন্তু এবার হয়তো বেঞ্চে বসেই সাফ ফুটবল শেষ করতে হবে বাংলাদেশ দলের গোলরক্ষককে। তরুণ সোহেলের ওপর শতভাগ আস্থা কোচ নিকোলা ইলিয়েভস্কির। কিন্তু দিন শেষে সেই সোহেলই হয়ে গেলেন খলনায়ক।সংবাদ সম্মেলনে প্রশ্নটা ঠিকমতো তখনো বুঝতে পারেননি, কিন্তু বিপ্লবের প্রসঙ্গ উঠতেই রেগে গেলেন কোচ, ‘বিপ্লবকে ভুলে যান। ওর চেয়ে অনেক ভালো খেলে সোহেল। কাকে আমি সেরা একাদশে রাখব, সেটা একান্তই আমার ব্যাপার।’দল নির্বাচন কোচেরই দায়িত্ব। যোগ্যতম খেলোয়াড়টিকে বাছাই করারও। সোহেল তাঁর চোখে যোগ্যতমই, কিন্তু নেপালের বিপক্ষে হারে এই গোলরক্ষকই তাঁর কাঠগড়ায়, ‘খেলায় অবশ্যই আমি খুশি নই। এই হারে সবচেয়ে বড় ভুল ছিল গোলকিপারের। আমি জানি, ও তরুণ। ভুল করতেই পারে। তবে আরও কয়েকটা বছর খেললে ও এমন ভুল আর করবে না।’ ইলিয়েভস্কির দাবি, ম্যাচে একটি নিশ্চিত পেনাল্টি-বঞ্চিত হয়েছে বাংলাদেশ, ‘রেফারি কেন পেনাল্টি দিল না সেটা বুঝলাম না!’ কোচ মনে করেন বাংলাদেশের চেয়ে বেশি প্রস্তুতি ম্যাচ খেলে নেপাল জিতেছে, ‘নেপাল বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলে এখানে এসেছে। ওদের প্রস্তুতি অনেক ভালো ছিল।’ গোটা দলকেই ‘অমনোযোগী’ বলেও অভিযুক্ত করেছেন কোচ, ‘ম্যাচে ছেলেদের মনোযোগ ছিল না। মিশু ও মিঠুন দারুণ দুটি সুযোগ হাতছাড়া করেছে। ম্যাচের মধ্যে থাকলে এমনটা হতো না।’ স্ট্রাইকাররা কোচের আস্থা অর্জন করতে পারেননি এখনো, ‘আমাদের সবচেয়ে বড় সমস্যা স্ট্রাইকিংয়ে, এমিলি ও মিঠুন ভালো প্রস্তুতি নিয়েও আসতে পারেনি।’ম্যাচ নিয়ে কাটাছেঁড়া যা-ই হোক, সত্যটা হলো এই পরাজয় সেমিফাইনালে ওঠা খুব কঠিন করে দিল। ইলিয়েভস্কিও তা অস্বীকার করতে পারছেন না, ‘মালদ্বীপ খুব শক্ত প্রতিপক্ষ। আমাদের জন্য কাজটা কঠিন হবে। কারণ এই হার ছেলেদের মনে একটা প্রভাব ফেলতে পারে।’এমিলি-মিঠুনরা যেখানে সে রকম প্রস্তুতি নিতে পারেননি, সেখানে নেপালের স্ট্রাইকাররা নিজেদের শাণিয়ে এনেছেন বিদেশে প্রস্তুতি ম্যাচ খেলে। অধিনায়ক সাগর থাপার গোলের পেছনেও রয়েছে কঠোর অনুশীলন। নেপালের কোচ গ্রাহাম পলের কথা, ‘ওকে আমি প্রতিদিন ৫০-৬০টি ফ্রি-কিক নেওয়াই।’ জয়ে উদ্বেলিত পল, ‘প্রথমার্ধে অনেক গোল মিস করলেও দিন শেষে জিতে যাওয়ায় আমি আনন্দিত। এটা একটা কঠিন গ্রুপ। এখান থেকে পরের রাউন্ডে যাওয়া অনেক কঠিন। ছেলেদের খেলায় আমি খুশি।’