ভুল করে চাপে কামরান
প্রথম টেস্টের প্রথম দুই দিন হতাশায় কেটেছে পাকিস্তানের। এর জন্য সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে কাকে জানেন? উইকেটরক্ষক কামরান আকমলকে; ইংল্যান্ড ব্যাট করার সময় তিনটি নিশ্চিত সুযোগ পেয়ে তিনটিই হাতছাড়া করার কারণে। পাকিস্তানের অধিনায়ক সালমান বাট স্বীকার করেছেন, প্রথম দিন কয়েকটি ভুল করে বেশ চাপে আছেন এই উইকেটরক্ষক। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৯ উইকেটে মাত্র ১৪৭ রান। ব্যাটসম্যানদের ব্যর্থতা আড়াল করার কোনো সুযোগ নেই। কিন্তু কামরান আকমল প্রথম দিন তিনটি সুযোগ মিস না করলে ইংল্যান্ডের পরিণতিও যে একই হতে পারত! পঞ্চম ওভারেই অ্যান্ড্রু স্ট্রাউসকে ফিরিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন, কিন্তু ধরতে পারেননি আকমল। দ্বিতীয় ইনিংসে করেছেন সবচেয়ে বড় ভুলটি। পাঁচ রানে থাকা এউইন মরগানকে নিশ্চিত আউট করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। উইকেটরক্ষকের ভুলের মাশুল গুনতে হয়েছে পাকিস্তানকে। এই মরগান দিন শেষে অপরাজিত থাকেন ১২৫ রানে, আউট হন ১৩০ রান করে। আকমল প্রথম দিনের শেষ ভুলটি করেন কলিংউডকে স্টাম্পিং করতে ব্যর্থ হওয়ার মাধ্যমে। তখন ৪৮ রান ছিলেন কলিংউড, কামরানের ভুলে শেষ পর্যন্ত ইংল্যান্ডের এই ব্যাটসম্যান সংগ্রহ করেন ৮২ রান।টেস্টে প্রায় ১৫ বছর পর গত সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এনে দেওয়ার মাধ্যমে অধিনায়ক হিসেবে অভিষেক হয় বাটের। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষেই হারের শঙ্কা! আর এর জন্য কামরান আকমলকে সরাসরি দায়ী করে ক্রিকইনফোকে বাট বলছেন, ‘কামরানের ভুলগুলোই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। সিনিয়র ক্রিকেটার হয়ে ভুল করে এই উইকেটরক্ষক নিজেও চাপের মধ্যে রয়েছে।’ এর পরও কামরানের প্রতি আস্থা রেখে বাট যোগ করেন, ‘আমরা তাঁর সঙ্গে কথা বলেছি। তাঁকে আত্মবিশ্বাস জোগানোর চেষ্টা করে যাচ্ছি। আমার বিশ্বাস, দ্রুত ফর্মে ফিরে আসার সামর্থ্য তাঁর রয়েছে।’