ভুল করেননি ফ্যালকাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্ময় হয়েই এসেছিল সিদ্ধান্তটা। ফর্মের তুঙ্গে থাকা একজন ফুটবলার; সব বড় ক্লাবের শ্যেনদৃষ্টি যখন তাঁর ওপর, তখন তিনি কিনা গেলেন মাত্রই অবনমন থেকে উঠে আসা একটা ক্লাবে! মোনাকোতে গিয়ে রাদামেল ফ্যালকাও ভুলই করলেন কি না, এমন প্রশ্ন তাই স্বাভাবিকভাবেই উঠেছিল। কয়েক মৌসুম ধরেই আলো ছড়াচ্ছিলেন বিশ্ব ফুটবলে। সেই পোর্তো থেকে শুরু, পর্তুগিজ ক্লাবের হয়ে ৮৭ ম্যাচে করেছিলেন ৭২ গোল। তখন থেকেই তাঁকে পেতে হন্যে হয়ে ছিল অনেক ক্লাব। কিন্তু তাঁকে ৪ কোটি ৭০ লাখ ইউরোর বিনিময়ে পেয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকোয় দুটি মৌসুমে মেসি-রোনালদোর ছায়ায় কিন্তু ঢাকা পড়েননি। গোলের পর গোল করে ঠিকই চিনিয়েছেন নিজেকে। স্প্যানিশ ক্লাবটিতে ৮৭ ম্যাচে গোল করেছেন ৬৯টি। উয়েফা সুপার কাপে চেলসির সঙ্গে ম্যাচের ৪ গোল তো অনেক দিন মনে থাকবে ফুটবলপ্রেমীদের।মোনাকো যে তাঁকে পেতে ৬ কোটি ইউরো খরচ করেছে, তাতে তাই বিস্ময়ের কিছু নেই। তাঁকে বেচে অ্যাটলেটিকোর বেশ লাভ হয়েছে। ফ্যালকাওয়ের নিজের পকেটও কম ভারী হয়নি। আগে যেখানে বছরে পেতেন ৬০ লাখ ইউরো, সেখানে মোনাকাতে হয়তো পাবেন ১ কোটি ৪০ লাখ ইউরো। তার ওপর ফ্রান্সে আয়করও যখন অনেক কম, ফ্যালকাওয়ের ব্যাংক-ব্যালান্সটা ফুলেফেঁপেই উঠবে। ফ্যালকাওয়ের স্পেন ছেড়ে ফ্রান্সে যাওয়ার পেছনে আর্থিক কারণটা তাই বড়ই।কারণ যা-ই হোক, প্রশ্ন কিন্তু থেমে নেই। এমন একটা ক্লাবে যাচ্ছেন, যেখানে চ্যাম্পিয়নস লিগই খেলার সুযোগ পাবেন না ফ্যালকাও। গত পরশু এক সংবাদ সম্মেলনে অবশ্য দাবি করলেন সঠিক সিদ্ধান্তই নিয়েছেন তিনি, ‘অনেকেই মনে করতে পারে সিদ্ধান্তটা ভুল। কিন্তু আমি নিশ্চিত যখন আমরা জিততে শুরু করব, তখন তাদের ধারণা বদলে যাবে। আমাদের লক্ষ্যটা পরিষ্কার, সব ধরনের প্রতিযোগিতা জেতা। আমাদের গ্রেট কিছু খেলোয়াড় আছে। আমাদের উচ্চাকাঙ্ক্ষাও অনেক। আমরা একটা শক্তিশালী দল গড়তে চাই। মোনাকোর মতো ক্লাবে আসা সবার জন্যই স্বপ্নের মতো। ব্যক্তিগতভাবে যখন জানবেন আপনি একটা প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ, তখন সেটা আপনাকে অনেক বেশি আত্মবিশ্বাস জোগাবে।’ফ্যালকাওয়ের আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ অবশ্যই আছে। প্রথম বিভাগে ফিরেই মোনাকো সদম্ভে জানান দিয়েছে ইউরোপের নতুন পরাশক্তি হতে চায় তারা। পেট্রোডলারের আশীর্বাদপুষ্ট প্রতিদ্বন্দ্বী ক্লাব পিএসজিকে চ্যালেঞ্জ জানাতে আটঘাট বেঁধেই নেমেছে। এ পর্যন্ত খরচ করে ফেলেছে ১৩০ কোটি ইউরোরও বেশি। পোর্তো থেকে জোয়াও মুটিনহো ও জেমস রদ্রিগেজকে নিয়ে এসেছিল আগেই। রিকার্ডো কারভালহো ও এরিক আবিদালের মতো অভিজ্ঞরা আসায় রক্ষণটাও পোক্ত হয়েছে। ফ্যালকাও আসলেই কী করতে পারবেন, সেটা জানার জন্য কিছুদিন অপেক্ষা করতেই হবে। এএফপি, ওয়েবসাইট।