ভুল করেনি রিয়াল

লেভান্তেকে ৩-০ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। রোববার রাতে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের এই সহজ জয়ে ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন দারুণ উজ্জ্বল। নিজে লেভান্তের গোলমুখ উন্মুক্ত করে নেপথ্য নায়ক হিসেবে অবদান রেখেছেন আরও একটি গোলে।
খেলার ১১ মিনিটের সময় গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এটি ছিল লিগে তাঁর ২৪তম আর মৌসুমে ৩৮তম গোল।
৪৯ মিনিটে তাঁর পাস থেকে রিয়ালকে ২-০ গোলে এগিয়ে দেন ব্রাজিলীয় লেফট ব্যাক মার্সেলো। ৬৪ মিনিটে দশ জনের দলে পরিণত হয় লেভান্তে। রোনালদোকে ফাউল করে সরাসরি লালকার্ড দেখেন ডেভিড নাভারো।
৮১ মিনিটে লেভান্তের বাজে রাতটি দুঃস্বপ্নে পরিণত হয় নাইকোস কারাবেলাসের আত্মঘাতী গোলে।
আগের রাতে ভালাদোলিদের কাছে বার্সেলোনার পরাজয়ে আজ লেভান্তের বিপক্ষে সতর্ক ছিল রিয়াল। খেলার শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে লস ব্লাঙ্কোসরা। খেলার পঞ্চম মিনিটেই রোনালদোর দুর্দান্ত এক ভলি দ্বিতীয় প্রচেষ্টায় রক্ষা করেন লেভান্তে গোলরক্ষক কেইলর নাভাস। এর কিছুক্ষণ পরেই অ্যাঙ্গেল ডি মারিয়ার ক্রস থেকে রোনালদো হেড এগিয়ে দেয় রিয়ালকে।
গোল করে এগিয়ে যাওয়ার পর ডি মারিয়া ও করিম বেনজেমার দুটি প্রচেষ্টার সামনে বাধা হয়ে দাঁড়ান নাভাস। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে রিয়াল পেয়ে যায় দ্বিতীয় গোলটি। রোনালদো আর মার্সেলোর দারুণ যুগলবন্দী থেকে আসে সেই গোল। নিজেদের মধ্যে পস খেলে লেভান্তের রক্ষণ সীমানায় ঢুকে মার্সেলোর দিকেরোনালদো যে বাঁকানো পাসটি ঠেলেন তা থেকে গোল করতে বিন্দুমাত্র বেগ পেতে হয়নি এই ব্রাজিলীয় ফুটবলারের।
খেলার ৮১ মিনিটে মার্সেলোর ক্রস কারাবেলাসের পায়ে লেগে চলে যায় নিজেদের জালে।
২৭ খেলায় রিয়ালের পয়েন্ট ৬৭। সমসংখ্যক খেলায় ৬৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনার অবস্থান পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। অ্যাটলেটিকো মাদ্রিদ অবশ্য বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নিজেদের নাম তুলেছে। সূত্র: এএফপি