ভুল থেকে শিক্ষা নিতে চাই: আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডস টেস্টের স্পট ফিক্সিং কেলেঙ্কারি ও পরবর্তী ঘটনাপ্রবাহ ভোলেননি মোহাম্মদ আমির। নিষেধাজ্ঞায় থাকা পাকিস্তানি এই ‘স্পিডস্টার’ হয়তো কোনোদিনই ভুলতে পারবেন না নিজের সেই কেলেঙ্কারির কথা। আমিরের বরাত দিয়ে পাকিস্তানি দৈনিক ‘দ্য ডন’ জানিয়েছে, ‘ভুল থেকে শিক্ষা নিতে চান তিনি।’‘আমি ওসব ভুলিনি। তবে ভুল থেকে শিক্ষা নিতে চাই, যেন ভবিষ্যতে এসব ঘটনা এড়িয়ে চলতে পারি।’ গতকাল শুক্রবার লাহোরের পাঞ্জাব স্টেডিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন ২০ বছর বয়সী আমির। ২০১০ সালে অনুষ্ঠিত লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় আমিরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। একই ঘটনায় গোপনে অবৈধ অর্থ নেওয়া ও প্রতারণা করার অপরাধে যুক্তরাজ্যের ক্রাউন কোর্ট তাঁকে ছয় মাসের দণ্ডও দেন। তখন আমিরের বয়স ছিল মাত্র ১৮ বছর। এ কারণে কারাগারের বদলে তাঁকে পাঠানো হয় কিশোর সংশোধন কেন্দ্রে। পুরো সাজা অবশ্য খাটতে হয়নি। তিন মাস সাজা খেটে গত বছরের ফেব্রুয়ারিতে দেশে ফেরেন আমির।আন্তর্জাতিক ক্রিকেটে আমিরের অভিষেক ২০০৯ সালের মাঝামাঝিতে। অল্প দিনেই তিনি হয়ে উঠেছিলেন পাকিস্তানের নতুন দিনের আশা-ভরসার প্রতীক। অনেকে তাঁকে দেখছিলেন ‘নতুন ওয়াসিম আকরাম’ হিসেবে। সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে তিনি টেস্টে শিকার করেন ৫০ উইকেট।