মেয়েদের ফুটবল দিয়ে পরশু যাত্রা শুরু করেছে লন্ডন অলিম্পিক। এবং যাত্রার শুরুতেই করেছে মারাত্মক স্পর্শকাতর এক ভুল। স্টেডিয়ামের বড় পর্দায় উত্তর কোরিয়ার খেলোয়াড়দের ছবিসহ নাম-পরিচিতি দেখানোর সময় ভুল করে পতাকা দেখিয়েছে দক্ষিণ কোরিয়ার! কোরীয় দুই দেশের সাপে-নেউলে সম্পর্কের কথা বিবেচনা করলে উত্তর কোরীয়দের জন্য এ এক বিরাট অপমান। সেই অপমান তারা সহজে মানতেও পারেনি। মাঠ ছেড়ে বেরিয়ে এসেছে সঙ্গে সঙ্গে। পরে অবশ্য অনেক বুঝিয়ে শান্ত করা গেছে তাদের। যদিও নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর হয়েছে ম্যাচটি।স্কটল্যান্ডের হ্যাম্পডেন পার্কে উত্তর কোরিয়া খেলেছে কলম্বিয়ার সঙ্গে। স্থানীয় সময় পৌনে আটটায় ছিল খেলা। খেলোয়াড়েরা মাঠে নামার সময় স্টেডিয়ামের বড় পর্দায় এই অঘটন ঘটে। এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জ্যাক রগ বলেছেন, এই ভুল অনিচ্ছাকৃত। এটি মানবীয় ভুল। অলিম্পিক বিশাল এক আয়োজন। শত চেষ্টার পরও আয়োজনে অনেক ভুলভ্রান্তি হবে। শুরুতেই যেমন আরও দুটো ভুলের মাশুল দিচ্ছে আয়োজকেরা। এর একটির স্বীকার স্বাগতিক দেশটিই। গ্রেট ব্রিটেন মহিলা দলকে ‘ইংল্যান্ড’ নামে পরিচয় করিয়ে দেওয়ায় অনেকে ক্ষুব্ধ হয়েছেন। অলিম্পিকে ইংল্যান্ড আলাদা দেশ হিসেবে অংশ নেয় না। বরং স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলসকে নিয়ে—চার দেশ মিলে ব্রিটেন নামেই অংশ নেয়। ভুল হয়ে আরেক জায়গায়। অ্যাকুয়াটিকস সেন্টারের নির্মাণ-ত্রুটির কারণে ডাইভিং ইভেন্টটি দেখতে দর্শকদের খানিকটা সমস্যা হবে। এ কারণে টিকিটের দাম ফিরিয়ে দেওয়া হবে।উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির কারণে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে। এবার ব্রিটেনেও যেমন দক্ষিণ কোরিয়ার সাংবাদিকদের নিষিদ্ধ করেছে উত্তর কোরিয়ার অলিম্পিক দল। কয়েক দিন আগে সূচিসংক্রান্ত ভুলের কারণে দক্ষিণ কোরিয়া আর উত্তর কোরিয়ার ভারোত্তোলক দল একই সময় এক ভেন্যুতে এসে পড়েছিল অনুশীলনের জন্য। তখন অবশ্য এ নিয়ে ঝামেলা হয়নি। দুই পক্ষ সমঝোতা করেই অনুশীলন করেছে। কিন্তু পতাকা যেকোনো দেশের মানুষের জন্যই আবেগের ব্যাপার।উত্তর কোরিয়া পরে মাঠে নেমে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে। জয়ের শুরু করেছে স্বাগতিক ব্রিটেন, জাপান, সুইডেন, যুক্তরাষ্ট্রও। তবে সবচেয়ে বড় জয়টি পেয়েছে ব্রাজিল। মার্তার জোড়া গোলে ক্যামেরুনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। এএফপি, রয়টার্স।