ভুল বুঝতে পারছেন সাকিব, তবে...
কোচ জেমি সিডন্সকে নিয়ে ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেনের সঙ্গে দুই দফা বৈঠক করলেন। বসলেন বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামালের সঙ্গেও। কিন্তু এসব আলোচনায় কী কথা হলো, সাকিব আল হাসান তার বিশদ বলতে নারাজ। শুধু বললেন, কালকের (আজকের) ম্যাচের দল নিয়ে কথা হয়েছে।গত পরশু ম্যাচ শেষে সাকিবের আলোচিত সংবাদ সম্মেলন নিয়ে বিসিবিকে আপাতদৃষ্টিতে নির্বিকার মনে হচ্ছে। বোর্ড থেকে যে ধারণাটা মিডিয়াকে দেওয়া হচ্ছে তা হলো, সাকিব হতাশা থেকেই ওসব কথা বলেছেন এবং পরে তার জন্য অনুতপ্তও হয়েছেন। কাল দুপুরে অবশ্য সাকিবের কথা শুনেও মনে হলো, নিজের ভুল কিছুটা হলেও বুঝতে পারছেন, ‘যুক্তি-আবেগ দুটোর সংমিশ্রণেই ওসব বলেছি। তবে অধিনায়ক হিসেবে হয়তো সংবাদ সম্মেলনে গিয়ে ওভাবে বলা ঠিক হয়নি। পরে বুঝেছি...। অন্যভাবেও বলা যেত কথাগুলো।’হ্যাঁ, সাকিব কথা বলার ধরন নিয়েই অনুতপ্ত। কী বলেছেন সেটি নিয়ে নয়। বরং দল নির্বাচন নিয়ে কাল আবারও নিজের অসন্তোষই বোঝাতে চাইলেন বাংলাদেশ অধিনায়ক, ‘১১ জনের দল মোটামুটি সবাই মিলেই করি আমরা। কিন্তু শুধু ১১ জন চিন্তা করলে তো হবে না। দল নির্বাচন বলতে ১৫ জনের দলও বোঝায়। অধিনায়ক হয়ে যদি আমি দল নিয়ে চিন্তা করি তখন এক রকম হবে, অধিনায়ক না হয়ে একজন খেলোয়াড় হিসেবে চিন্তা করলে আরেক রকম। আগে অধিনায়ক হলে হয়তো অন্যরকম ভাবতাম।’ সাকিব অবশ্য বলেছেন, পারফর্ম করেও কেউ বাদ পড়েছে এমন ঘটনা নেই। তবে কেউ কেউ হয়তো পারফর্ম করার পর্যাপ্ত সুযোগ পাননি।সূত্র জানিয়েছে, পরশু সংবাদ সম্মেলনে অধিনায়কের অমন তেতে ওঠা দলের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তবে সাকিব সে রকম কিছু জানেন না বলেই জানিয়েছেন, ‘আমি আসলে বলতে পারব না। কার মনে কী আছে বলা মুশকিল।’ অবশ্য দলের বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাকের কথা শুনে স্বস্তি পেতে পারেন অধিনায়ক, ‘ঘুমিয়ে পড়ায় কাল (গত পরশু) খবর দেখা হয়নি। সকালে পত্রিকাও পড়া হয়নি বলে আমি আসলে জানি না কী ঘটেছে। তবে অধিনায়ক অধিনায়কের মন্তব্য দিতে পারে। আমার মনে হয় না কেউ এটাকে ব্যক্তিগতভাবে নেবে।’