ভুল সবই ভুল
৫৩ বছর বয়সে প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরা আর মৃত্যুপথযাত্রীর ১০০ মিটার দৌড়ানোর মধ্যে খুব পার্থক্য নেই। তার পরও শোরগোলটা উঠেছিল ডিয়েগো ম্যারাডোনা বলেই। কদিন থেকেই হঠাৎ গুজব, ম্যারাডোনা নাকি আর্জেন্টিনার পঞ্চম বিভাগের ক্লাব দেপোর্তিভো রিয়েস্ত্রার হয়ে খেলবেন। সেই উপলক্ষে নাকি রিয়েস্ত্রা নিজেদের ৩ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম ছেড়ে প্রতিবেশী সান লরেঞ্জোর ৪৫ হাজার ধারণক্ষমতার নতুন স্টেডিয়ামে যাবে। এখন জানা যাচ্ছে, সবই ভুল! ম্যারাডোনার ফুটবলে ফেরার সম্ভাবনাটা নির্ভেজাল গুজব।
রিয়েস্ত্রার সঙ্গে একটা সম্পর্ক অবশ্য আছে আর্জেন্টাইন কিংবদন্তির। গত আগস্টে ক্লাবটির ‘আধ্যাত্মিক কোচ’ হয়েছিলেন। সেই দলে কোচ হওয়ার গুজবকেও না হয় মানা যেত। তাই বলে খেলোয়াড়! ক্লাবের পরিচালক গুস্তাভো ভ্যারেলা নিজেই দুটি সম্ভাবনারই অপমৃত্যু ঘটিয়ে দিয়েছেন, ‘ডিয়েগোর খেলোয়াড় বা কোচ হিসেবে আসার কোনো সম্ভাবনা নেই। ক্লাবের পরামর্শক হিসেবে আসার একটা সম্ভাবনা ছিল, কিন্তু সেটাও নিশ্চিত নয়।’ ওয়েবসাইট।