ভুল স্বীকার করলেন ব্ল্যাটার

অবশেষে সেপ ব্ল্যাটারও স্বীকার করলেন, কাতারকে বিশ্বকাপের স্বাগতিক করাটা ভুল ছিল। অবশ্য ফিফা সভাপতি ভুলটা স্বীকার করলেন তাঁর স্বভাবসূলভ কূটনৈতিক ভঙ্গিতেই। জুড়ে দিয়েছেন ‘সম্ভবত’ শব্দটি। ইনসাইডওয়ার্ল্ডফুটবল ডট কমকে ব্ল্যাটার বলেছেন, ‘সম্ভবত আমরা ভুলই করেছি।’
২০২২ বিশ্বকাপের স্বাগতিক হওয়ার দৌড়ে দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোও ছিল শক্ত প্রার্থী। তবে ভোটের লড়াইয়ে বিশ্বকাপ পেয়ে যায় কাতার। তখন থেকেই এ নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে, কাতারের মতো একটি দেশকে বিশ্বকাপ দেওয়াটা কতটা যৌক্তিক হয়েছে। প্রশ্নটা আসলে তুলে দিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশটির আবহাওয়া। বছরের মাঝামাঝি সময়ে কাতারের তাপমাত্রা থাকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ঐতিহ্য মেনে কাতার বিশ্বকাপটাও জুন-জুলাইতেই হলে প্রচণ্ড গরমে ফুটবলাররা কুলোতে পারবেন কি না, সেটাই বড় প্রশ্ন। অনেকেরই তাই পরামর্শ, বিশ্বকাপটা এগিয়ে বা পিছিয়ে শীতকালে করা হোক। ব্ল্যাটার তো বিশ্বকাপটা শীতকালে করার প্রস্তাবই করেছেন। গত মে মাসে ফিফা সভাপতি এমনটাও বলেছেন, জুন-জুলাইয়ে কাতারে বিশ্বকাপ করাটা ‘ঠিক হবে না’। সঙ্গে কাতারে বিশ্বকাপ আয়োজনের পক্ষেও ব্ল্যাটার যুক্তি দিয়েছেন এই বলে যে ‘আপনাকে রাজনৈতিক ও ভূরাজনৈতিক বাস্তবতাও অবশ্যই বিবেচনা করতে হবে।’ সেই বিবেচনাতেই বিশ্বকাপ পেয়েছে কাতার, কিন্তু শীতকালে বিশ্বকাপ করায় ভীষণ আপত্তি ইউরোপিয়ান লিগগুলোর কর্তাব্যক্তিদের। কারণও আছে, এতে ইউরোপের ঘরোয়া ফুটবলের সূচি এলোমেলো হয়ে যাবে।
ইউরোপের মানুষ হিসেবে ব্ল্যাটারও সেটা বোঝেন। কিন্তু তাঁর কথা বিশ্বকাপটা শুধুই ইউরোপের ব্যাপার নয়, এটা পুরো বিশ্বের। তিনি তাই বিশ্ব ফুটবলের প্রধান হিসেবে পুরো বিশ্বের কথাই বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপিয়ানদের প্রতি, ‘যদি একমাত্র না-ও বলেন, বিশ্বকাপ হলো ফিফার সবচেয়ে বড় বৈশ্বিক টুর্নামেন্ট। আমরা ইউরোপিয়ানরা কীভাবে এটি দাবি করি যে শুধু ৮০ কোটি ইউরোপিয়ানের কথা ভেবেই সব করা হবে? আমার মনে হয়, ইউরোপের বোঝা উচিত আমরা আর বিশ্ব ফুটবল শাসন করি না। আমাদের অবশ্যই মানতে হবে ফুটবল এখন ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বাইরেও ছড়িয়ে গেছে। এটা এখন বৈশ্বিক খেলা। প্রতি সপ্তাহে বিশ্বের কোটি কোটি মানুষ রোমাঞ্চিত হয়ে ফুটবল অনুসরণ করে।’ ব্ল্যাটার আশাবাদী, বিশ্বকাপটা শীতকালে নেওয়ার প্রস্তাবটা ফিফার নির্বাহী কমিটির অনুমোদন পাবে। রয়টার্স।