ভুলতেই পারছেন না আলোনসো
শিরোপা পেয়েছেন, দেশে ফিরে পেয়েছেন বীরোচিত সংবর্ধনা, তার পরও বিশ্বকাপ ফাইনালে বুকে লাথি খাওয়ার কথা ভুলতেই পারছেন না জাবি আলোনসো। ৪৭ ফাউলের বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে আলোচিত-সমালোচিত ফাউলটির শিকার হয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার। ক্যারিয়ারে এর চেয়ে বাজে ট্যাকলের শিকার আর কখনো হননি, বলছেন আলোনসো। ট্যাকলটা যে বাজে ছিল, স্বীকার করছেন ওই ট্যাকলের ‘খলনায়ক’ নাইজেল ডি ইয়ংও। স্রেফ হলুদ কার্ডের ওপর দিয়ে বেঁচে যাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করছেন ডাচ মিডফিল্ডার।ফাইনাল ম্যাচের বয়স তখন ২৮ মিনিট। উঁচুতে আসা একটি বল দখলের লড়াইয়ের সময় আলোনসোর বুকে লাথি মেরে বসেন ডি ইয়ং। শুরুতে মনে হয়েছিল, স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হবে আলোনসোকে, বেশ কিছুক্ষণ শুশ্রূষার পর অবশ্য উঠে দাঁড়ান মাঠেই। লাল কার্ড পাওয়ার মতো বিপজ্জনক ফাউল হলেও ডি ইয়ংকে হলুদ কার্ড দেখান রেফারি হাওয়ার্ড ওয়েব। আলোনসো জানাচ্ছেন, এমন ফাউলের শিকার জীবনে খুব কমই হয়েছেন, ‘এটি ছিল আমার জীবনে শিকার হওয়া সবচেয়ে বাজে ট্যাকলগুলোর একটি। ম্যাচটি ছিল খুব কঠিন, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ওরা চাইছিল আমাদের খেলাটা খেলতে না দিতে। কিন্তু ওই চ্যালেঞ্জটা ছিল খুব বাজে।’ফাউলের পর আরও ৫৭ মিনিট খেলে যান আলোনসো। রিয়াল মাদ্রিদ তারকা জানাচ্ছেন, কতটা কঠিন ছিল খেলা চালিয়ে যাওয়া, ‘কোনো ট্যাকলে এত ব্যথা আমি জীবনে খুব কমই পেয়েছি। খেলা চালিয়ে যাওয়াই কঠিন ছিল। পাঁজরের একটি হাড় মনে হয় ভেঙে গেছে। এখন অবশ্য এটা নিয়ে আর ভাবছি না।’ আলোনসো ভাবতে না চাইলেও ওই ফাউল নিয়ে আলোচনা থামছে না। ডি ইয়ং নিজেই যেমন বলছেন, হলুদ কার্ডের চেয়ে বেশি কিছু পাওনা ছিল তাঁর, ‘আমি ভেবেছিলাম হলুদ কার্ডের চেয়ে খারাপ কিছু মনে হয় হয়ে যাবে। ফাউলটা খুব দৃষ্টিকটু ছিল, যদিও সত্যি বলতে আমি ওকে (আলোনসো) দেখিনি। আমার সব মনোযোগ বলের দিকে ছিল, কিন্তু ওর বুকে লেগে গেল। তার পরও মাঠে থাকতে পারায় নিজেকে ভাগ্যবানই বলতে হবে।’ ওয়েবসাইট।