
আর্জেন্টিনার আক্রমণভাগ ও রক্ষণ—দুটি নিয়েই প্রবল আগ্রহ ফুটবলবিশ্বের। মেসি-আগুয়েরো-হিগুয়েইন-ডি মারিয়াদের নিয়ে যেমন দুর্দান্ত আক্রমণভাগ আর্জেন্টিনার, ততই উৎকণ্ঠা যেন রক্ষণভাগ নিয়ে। তাই বলে প্রথমবারের মতো বিশ্বকাপমঞ্চে পা রাখা বসনিয়ার বিপক্ষে পাঁচ ডিফেন্ডার নিয়ে নামবে আর্জেন্টিনা! ৫-৩-২ ছকে দলকে মাঠে নামিয়ে সাবেলা চমকে দিয়েছেন পুরো ফুটবলবিশ্বকেই।
আক্রমণ, শুধুই আক্রমণ—এটাই আর্জেন্টাইনদের ফুটবলধারা। মুহুর্মুহু আক্রমণ শাণাতে গিয়ে রক্ষণভাগ যে কতবার তাসের ঘরে পরিণত হয়েছে, ইয়ত্তা নেই। তবু ৪-৩-৩ ফরমেশনেই আস্থা রেখেছে আর্জেন্টিনা। এ রকম একটি দল এমন রক্ষণাত্মক ফরমেশনে অভ্যস্ত হতে পারবে কীভাবে? তা তারা পারেওনি। প্রথমার্ধে শুধু জার্সি দেখেই চিনতে হলো আর্জেন্টিনাকে। অনভ্যস্ত ফরমেশনে নিজেদের আর খুঁজে পেলেন না মেসিরা। তবে দ্বিতীয়ার্ধে সেই চেনা ছকেই মাঠে নামে সাবেলার দল। মেসিও ফিরে পান নিজেকে। দুর্দান্ত একটি গোল করে জানিয়ে দিলেন বিশ্বকাপে সব আলো নিজের করে নিতেই এসেছেন ব্রাজিলে।
অবশ্য সাবেলা কেন এমন সিদ্ধান্ত নিলেন, তা অনুমান করতে পারছেন মেসি, ‘সাবেলা বোধ হয় চেয়েছিলেন ৩ পয়েন্ট যাতে ছুটে না যায়।’ অবশ্য বসনিয়ার বিপক্ষে এমন সিদ্ধান্তে মেসির আঁতে যেন ঘা-ই লাগছে, ‘আমাদের মনে রাখতে হবে আমরা আর্জেন্টিনা। প্রতিপক্ষ সম্পর্কে না ভেবে আগে নিজেদের নিয়ে ভাবতে হবে। তবে হ্যাঁ, ম্যাচের প্রয়োজন বুঝে ভিন্নপথও অনুসরণ করতে হবে।’ এই ৪-৩-৩ ছকেই অভ্যস্ততার কথাও আড়াল করলেন না মেসি, ‘আমরা এভাবে খেলেই অভ্যস্ত। এভাবেই আমরা আমাদের বাছাইপর্ব ও প্রস্তুতি ম্যাচগুলো খেলেছি।’
মেসি বিশ্বকাপে নিজেদের ফেবারিট মানতে রাজি নন। আতশি কাচের নিচে বসিয়ে দেখতে পাচ্ছেন পুরো ম্যাচেই অসংখ্য ভুল করেছে তাঁর দল। সমর্থকদের পয়সা উশুল পারফরম্যান্স উপহার দিতে পারেননি তাঁরা। তবে সমর্থকদের এই আক্ষেপ ঘোচানোর সুযোগ তো থাকছেই পরের ম্যাচগুলোতে। হল্যান্ড ও জার্মানিকে নিয়ে নিজের মুগ্ধতার কথাও জানালেন, ‘নিজেদের প্রথম ম্যাচে সেরা খেলা উপহার দিয়েছে হল্যান্ড ও জার্মানি। কিন্তু আমার মনে হয় এমন অনেক দল আছে, যারা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। প্রথম ম্যাচ দেখেই কোনো সিদ্ধান্তে চলে আসা কঠিন। আমার মতে, টুর্নামেন্ট এগোতে এগোতে তারাও নিজেদের সেরাটা বের করে আনবে।’
কী বার্তা দিলেন মেসি! এএফপি ও গোলডটকম৷