ভুলে যাওয়া জয়ের স্বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বাদটা প্রায় ভুলেই গিয়েছিল! অবশেষে প্রায় সাড়ে পাঁচ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাতে পারল ওয়েস্ট ইন্ডিজ। গত পরশু সেন্ট ভিনসেন্টে দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে নেমে আসে ৪০ ওভারে। লো-স্কোরিং ম্যাচে স্বাগতিকেরা জিতেছে ৫ উইকেটে, বৃষ্টি আইনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ ওয়ানডে জিতেছিল ২০০৬ সালের ১৮ অক্টোবর, ভারতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে। তারপর ১৪ ম্যাচের ১৩টিতেই জিতেছে অস্ট্রেলিয়া। বাকি ম্যাচটি ফল দেখেনি।১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৪ রানেই হারিয়ে ফেলে ৪ উইকেট। কিন্তু কাইরন পোলার্ডের চওড়া ব্যাটে ১০ বল বাকি থাকতেই ক্যারিবীয়দের জয়তরী ভেড়ে বন্দরে। চার ওভারের মধ্যে তিন ছক্কা হাঁকিয়ে পোলার্ডই ঘুরিয়ে দেন ম্যাচের গতিপথ। ডোয়াইন ব্রাভোর সঙ্গে তাঁর ৬৪ রানের জুটিতেই জয়টা প্রায় নিশ্চিত হয়ে যায়। ৩০ রান করে ব্রাভো ফিরে যাওয়ার পর পোলার্ড বাকি কাজটুকু সারেন কার্লটন বাফকে নিয়ে। জেভিয়ার ডোহার্টিকে ছক্কা মেরে ম্যাচের ইতি টেনেছেন বাফ। গ্যালারিতে একজন বিশেষ দর্শকের উদ্যাপনটা ধরা পড়েছে বিশেষভাবে—ক্রিস গেইল! ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়কের এই উপস্থিতি কি এই ইঙ্গিত দিল, বোর্ডের সঙ্গে তাঁর ঝামেলাটা মিটে যাচ্ছে?পোলার্ড নন, বাফও নন, ম্যাচসেরা স্পিনার সুনীল নারাইন। ২৭ রানে ৪ উইকেট, ক্যারিয়ার-সেরা বোলিং করে অস্ট্রেলিয়াকে ১৫৪ রানে বেঁধে ফেলতে ২৩ বছর বয়সী এই স্পিনারেরই বড় অবদান। যদিও অস্ট্রেলিয়ার লাগাম টেনে ধরার শুরুটা করেন কেমার রোচ। নিজের চতুর্থ ওভারেই (ইনিংসের সপ্তম) ফিরিয়ে দেন ডেভিড ওয়ার্নার আর পিটার ফরেস্টকে। দুই হাসি ভাই, অধিনায়ক ওয়াটসন, জর্জ বেইলিরা চেষ্টা করলেও দলকে নিরাপদ দূরত্বে নিতে পারেননি। ১৯৯৩ সালের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রান এই ১৫৪। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান ডেভিড হাসির। ওয়ানডে ইতিহাসে দ্বিতীয়বারের মতো টানা দুই ম্যাচে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরি নেই।দীর্ঘ খরা কাটানো জয়, স্বাভাবিকভাবেই ক্যারিবীয় শিবিরে বাড়তি উচ্ছ্বাস। ম্যাচসেরা নারাইন মনে করছেন, মাথা থেকে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া-ভূত নেমে যাওয়ায় বেড়েছে দলের আত্মবিশ্বাস, ‘এই জয় খেলোয়াড় এবং ড্রেসিংরুমের প্রত্যেকেরই দারুণভাবে মনোবল বাড়িয়ে দিয়েছে।’ এর সঙ্গে যদি প্রধানমন্ত্রীর ঘোষণা যোগ হয় প্রেরণা হিসেবে, তাহলে তো সোনায় সোহাগা! জয়ের আনন্দে একই ভেন্যুতে আজ অনুষ্ঠেয় তৃতীয় ওয়ানডে ম্যাচের দিন সাধারণ ছুটি ঘোষণা করেছেন সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া: ৪০ ওভারে ১৫৪/৯ (ডেভিড হাসি ৩৭, ওয়াটসন ২৫, মাইক হাসি ২৪, বেইলি ২১; নারাইন ৪/২৭, রোচ ২/২৩, স্যামি ১/১৯, ব্রাভো ১/৩০)। ওয়েস্ট ইন্ডিজ: ৩৮.২ ওভারে ১৬৩/৫ (পোলার্ড ৪৭*, ডোয়াইন ৩০, চার্লস ২৬, স্যামুয়েলস ২০; ওয়াটসন ১/২৮, লি ১/৩৭, ডোহার্টি ১/৩৯)। ফল: ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সুনীল নারাইন।