ভুলের পুনরাবৃত্তি চান না সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান। কাল বেঙ্গালুরুতে  l বিসিবি
ভারত ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান। কাল বেঙ্গালুরুতে l বিসিবি

২০০৬ সালে জিম্বাবুয়েকে ৪৩ রানে হারিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি যাত্রাটা শুরু হয়েছিল জয় দিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের যাত্রা জয় দিয়েই শুরু। ২০০৭-এর আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর স্মৃতি আজও রঙিন বাংলাদেশের স্মৃতিতে। কিন্তু তারপর? ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের বড় মঞ্চে বাংলাদেশের হতাশার পাল্লাটাই বেশি ভারী।
২০০৭-এর পর এ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে আর কোনো টেস্ট খেলুড়ে দলকে হারাতে পারেনি বাংলাদেশ। কাল বেঙ্গালুরুর সংবাদ সম্মেলনে অবশ্য এবার নতুন কিছুর স্বপ্ন দেখালেন সাকিব আল হাসান, ‘বড় টুর্নামেন্টে বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা কখনোই ভালো খেলিনি। এ নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছে। আমাদের সুযোগ আছে কিছু প্রমাণ করার। গত দুই ম্যাচ (সুপার টেনে) আমরা ভালো করতে পারিনি। অবশ্যই চেষ্টা থাকবে পরের দুটি ম্যাচে এমন কিছু করতে, যেটা মনে রাখার মতো হয়।’
ইদানীং বাংলাদেশ-ভারত ম্যাচের উত্তেজনা যেন ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনাকেও ছাপিয়ে যায়। ভারতের বিপক্ষে জয় ছাড়া আর কিছুই ভাবতে চান না বাংলাদেশের দর্শক-সমর্থকেরা। তবে সাকিব মনে করিয়ে দিলেন, ‘ভারত খুবই শক্তিশালী দল। তারা শিরোপার জন্য খেলছে। আমাদের নিজেদের সেরা খেলাটা খেলতে হবে।’
টুর্নামেন্টের মাঝপথে তাসকিন আহমেদ-আরাফাত সানিকে হারানো এবং সুপার টেনে পরপর দুই ম্যাচে হার মানসিকভাবে বড় ধাক্কা বাংলাদেশের জন্য। আজ ভারত ম্যাচের আগে সে ধাক্কা তো সামলে উঠতে হবেই, সঙ্গে পুরোনো ভুলের পুনরাবৃত্তিও এড়িয়ে চলতে চান সাকিব, ‘আমাদের ভুলগুলো ঠিক করার চেষ্টা করতে হবে। সেটার একটাই উপায়, ম্যাচে ভালো করতে হবে। এটা ঠিক করতে পারলে মনে হয় আরও ভালো পারফরম্যান্স সম্ভব।’
অস্ট্রেলিয়া-ম্যাচে বাংলাদেশের ফিল্ডিং হয়েছে খুবই বাজে। ভারতের বিপক্ষে সেই ভুল আর না করার প্রতিশ্রুতি সাকিবের, ‘এটা হতাশাজনক। আমাদের কিছু তরুণ ও দারুণ ফিল্ডার রয়েছে। কাল (পরশু) যে ভুল করেছি, আশা করি সেগুলো আর হবে না। আমরা বেশির ভাগ ম্যাচেই ভালো ফিল্ডিং করেছি। এক-দুটি ম্যাচে এমন হতেই পারে। হারের জন্য এটাকে কোনো অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছি না।’
টি-টোয়েন্টিতে সাকিব সফল তিনে ব্যাট করে। অথচ জিম্বাবুয়ের বিপক্ষে গত জানুয়ারির টি-টোয়েন্টি সিরিজ থেকেই সাকিবকে ব্যাটিং করতে হচ্ছে চার, পাঁচ বা কখনো ছয়ে। বাঁহাতি এই অলরাউন্ডারের কাছে অবশ্য দলের চাওয়াটাই বড়, ‘সবচেয়ে বড় ব্যাপার দল আমার কাছে কী চাইছে। আমাকে যদি কেউ সুযোগ দেয়, তিনেই ব্যাটিং করব। ম্যাচের পরিস্থিতি ও চাহিদা অনুযায়ী যেভাবে করা দরকার, সেভাবেই ব্যাটিং করছি। যদি টিম ম্যানেজমেন্ট মনে করে তিনে ব্যাটিং করলে দলের ভালো হবে, তাতেও প্রস্তুত আছি।’
সুপার টেনে ওঠার পর বাংলাদেশ দলের স্বপ্নের ক্যানভাসে উঁকি দিয়েছিল সেমিফাইনাল। দুই ম্যাচ হেরে স্বপ্নটা ফিকে হয়ে গেলেও এখনো সেটা অসম্ভব হয়ে যায়নি। তবে সেমিফাইনাল নয়, সাকিবের চোখ আপাতত আজকের ভারত ম্যাচেই, ‘গাণিতিকভাবে এখনো সেমিফাইনালে খেলা সম্ভব। তবে জানি বাস্তবতা কী। খুবই কঠিন। আমরা কালকের (আজ) ম্যাচ নিয়ে চিন্তা করছি।’