ভুয়ার যন্ত্রণায় ‘আসল’ গিলক্রিস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কিছু লোক বলছে আম্পায়ারের ওপর নির্ভর করা উচিত। না, উচিত নয়। নির্ভর করা উচিত সততায়। ইংলিশদের নিয়ে আজ আমি হতাশ, আউট হলে অবশ্যই চলে যাওয়া উচিত।’ স্টুয়ার্ট ব্রডের হাঁটা না-হাঁটা বিতর্কে এই হচ্ছে অ্যাডাম গিলক্রিস্টের অভিমত। জানিয়েছেন টুইটারে। গিলক্রিস্টের ক্রিকেট-দর্শনের সঙ্গে পরিচয় থাকলে এই বক্তব্যে অস্বাভাবিক কিছু নেই। বিশ্বকাপ সেমিফাইনালের মতো ম্যাচে আম্পায়ার আউট না দেওয়ার পরও নিজেকে থেকে হাঁটার নজির তিনি দেখিয়েছেন।গোলটা বাধল গিলক্রিস্টের একটি বিবৃতিতে। সাবেক উইকেটকিপার ব্যাটসম্যানের দাবি, এমন কিছু তিনি বলেননি। @AdamCGilchrist নামের ওই টুইটার অ্যাকাউন্ট নাকি ভুয়া! গত পরশু বার্তা সংস্থা এএফপিতে পাঠানো বিবৃতিতে গিলক্রিস্ট বলেছেন, ‘আমার নাম নিয়ে একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট থেকে স্টুয়ার্ট ব্রডের ক্যাচ নিয়ে মন্তব্য করা হয়েছে বলে আমি জানতে পেরেছি। উদ্বেগজনক ব্যাপার হলো, কিছু বিদেশি সংবাদমাধ্যম এই কথাগুলো আমার বলে প্রচার করেছে। এ ধরনের কিছু কিছু ভুয়া টুইটার পোস্টের আইনি পরিণতি খুব ভয়ানক হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমের গুরুত্ব বুঝলেও আমি টুইটারে নেই, স্টুয়ার্ট ব্রডের ঘটনায় কোনো মন্তব্যও করিনি।’শুধু একটি নয়, গিলক্রিস্টের নামে টুইটার অ্যাকাউন্ট আছে বেশ কটি। অথচ গিলক্রিস্ট এত দিন টুইটারে ছিলেনই না, তার মানে সবই ভুয়া! এত দিন এ নিয়ে খুব একটা মাথা ঘামাননি গিলক্রিস্ট। কিন্তু এই সর্বশেষ এ ঘটনায় বিরক্ত হয়ে নিজের একটি টুইটার অ্যাকাউন্ট খুলেছেন। আর টানা তিনটি টুইটে ওই ভুয়া অ্যাকাউন্টধারীকে বলেছেন, ‘অ্যাডামসিগিলক্রিস্ট, আমি অ্যাডাম গিলক্রিস্ট বলছি। আমি সাজার ভান ধরা বন্ধ করো। আমি জানি প্রোফাইলে তুমি লিখেছ “প্যারোডি অ্যাকাউন্ট’’, কিন্তু ব্যাপারটা এখন বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে। তোমার ভুয়া মন্তব্যগুলো আমার মনে করে চালিয়ে দিচ্ছে সংবাদমাধ্যম। তাই আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি কখনোই টুইটারে ছিলাম না। এখন এলাম তোমাকে থামাতে। যথেষ্ট হয়েছে, এবার একটু সম্মান দেখাও।’ভুয়া অ্যাকাউন্টের ভুয়া বক্তব্য না হয় বাদ দেওয়া গেল। কিন্তু আউট বুঝলেই যাঁর দর্শন ছিল ‘হাঁটা’, ব্রড-কাণ্ডে সেই গিলক্রিস্টের সত্যিকার অভিমত তো জানতে চায় ক্রিকেট-বিশ্ব। বিবৃতিতে গিলক্রিস্ট তা জানিয়েছেনও, ‘আমার ক্যারিয়ার যাঁরা অনুসরণ করেছেন, হাঁটার ব্যাপারে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি তাঁদের জানা থাকা উচিত। ওটা একান্তই আমার নিজের ভাবনা। আমার সময় শেষ। এখন বর্তমান প্রজন্মের যেভাবে খেলতে ভালো লাগে, সেটা দেখে যাওয়াতেই আমার আনন্দ।’ এএফপি।