ভূত তাড়াল মার্কিন মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা অপয়া ভূত তাড়া করে ফিরছিল তাদের। একবার নয়, দুবার নয়; একই ঘটনা যখন টানা তিন-তিনটি অলিম্পিকে ঘটে; সেটাকে ভুতুড়ে কাণ্ড বলাই যায়। প্রতিভার কমতি তাদের মধ্যে কখনোই ছিল না। কিন্তু ফাইনালে উঠলেই হয়ে যেত গড়বড়। ৪–১০০ মিটার রিলেতে ব্যাটন অদলবদল করতে গিয়ে হয়ে যেত হাস্যকর সব ভুল। আর সেই ভুলের খেসারত দিতে হয়েছে গত তিন অলিম্পিকেই ব্যর্থ যুক্তরাষ্ট্রের মেয়েদের রিলে দল। অথচ গত তিন অলিম্পিকের আগের চারটি আসরে এই ইভেন্টে সোনা গেয়ে যুক্তরাষ্ট্রেই!পরশু সেই ভূতই তাড়াল মার্কিন মেয়েরা। শুধু সোনাই জিতল না, ভেঙে দিল ২৭ বছর বয়সী পুরো বিশ্ব রেকর্ড। টিয়ানা ম্যাডিসন, অ্যালিসন ফেলিক্স, বিয়াঙ্কা নাইট আর কারমেলিটা জেটারকে নিয়ে গড়া দল ৪০.৮২ টাইমিং নিয়ে হারিয়ে দিয়েছে ফেবারিট জ্যামাইকাকে। জ্যামাইকা জিতেছে রুপা, চমকে দিয়ে ব্রোঞ্জ জিতেছে ইউক্রেন। আগের বিশ্ব রেকর্ডটি ছিল ৪১.৩৭ সেকেন্ডের, ১৯৮৫ সালে গড়েছিল পশ্চিম জার্মানি।মার্কিন মেয়েদের সাফল্য এল এমনই এক দিনে, যেদিন যুক্তরাষ্ট্রের পুরুষ রিলে দল ডুবেছে হতাশায়। ৪–৪০০ মিটারে অপ্রত্যাশিতভাবে হেরে গেছে বাহামার কাছে। রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এমনিতে এবার চীনের সঙ্গে পদক তালিকার শীর্ষস্থান নিয়ে জমাট লড়াই চলছে। এর মধ্যে প্রত্যাশিত একটি সোনা হাতছাড়া করার শোক অনেক বড় হতেই পারত। ভাগ্যিস, তার আগেই অপয়া চক্র থেকে বেরিয়ে এসে মার্কিন মেয়েরা এনে দিয়েছে দারুণ এক জয়।মার্কিন মেয়েদের মধ্যে ফেলিক্সের আনন্দটাই বেশি। কারণ ২০০ মিটার দৌড়ে আগেই সোনা জিতেছিলেন। এবার ১০০ মিটার রিলেতে জিতলেন। কাল রাতে ফেলিক্স দৌড়েছেন ৪–৪০০ মিটারেও। তাঁর সামনে ছিল হ্যাটট্রিক সোনা জেতার সুযোগ। ফেলিক্স পেরেছেন কি না এই প্রতিবেদন লেখার সময় বোঝার উপায় ছিল না। তবে এর আগেই খুশিতে তিনি ডগমগ। সোনা জেতায় তিনি ‘ভারমুক্ত’, কিন্তু বিশ্ব রেকর্ড গড়ায় ভীষণ আনন্দিত, ‘মেয়েদের সিপ্রন্টে অনেক দিন ধরেই রেকর্ডগুলো অক্ষত আছে। এরই একটা রেকর্ড ভেঙে দিতে পারাটা অনেক বেশি আনন্দের। এমনটা যে ঘটবে কে-ই বা ভাবতে পারে!’নিজের প্রথম অলিম্পিক সোনা জিতেছেন জেটার। তাঁর আনন্দটা স্বাভাবিকভাবেই ছিল অন্য রকম। তবে তিনি বেশি খুশি দলীয় প্রচেষ্টায় একটা মানসিক বাধার দেয়াল ভেঙে দেওয়া গেছে বলে। তাঁর ভাষায়, ‘মাথার ওপর সংশয়ের মেঘ ছিল, অনেকই বলছিল, “এরা পারবে না, এবার আবার ব্যাটন ফেলে দেবে”। কিন্তু আমরা পেরেছি!’ এএফপি, রয়টার্স।