ভূপতিত মুলার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলশূন্য ম্যাচের ৯০ মিনিট শেষ হতে বাকি তখন মিনিট দুয়েক। আলজেরিয়ার বক্সের একটু বাইরে ফ্রি-কিক পেল জার্মানি। বল ঘিরে দাঁড়িয়ে পাঁচজন জার্মান—বলের দুপাশে মুখোমুখি টনি ক্রুস ও মেসুত ওজিল, ওজিলের পাশে কোণায় আন্দ্রে শুরলে, আর বলের পেছনে বাস্তিয়ান শোয়েনস্টাইগার ও টমাস মুলার। বোঝাই যাচ্ছিল, বিশেষ কোনো পরিকল্পনা আছে তাঁদের। প্রথমে ছুটলেন শোয়েনস্টাইগার, ডামি করে সরে গেলেন। পরের ডামি দেখানোর পালা মুলারের। কিন্তু এক ধাপ এগিয়েই হাঁটু গেড়ে পড়ে গেলেন হুড়মুড়িয়ে! সঙ্গে সঙ্গে উঠে অবশ্য ডামি করেছেন, কিন্তু অমন ছন্দপতনের পর কী আর সবকিছু ঠিকঠাক হয়! ছুটে আলজেরিয়ান দেয়াল পেরিয়ে বক্সে ঢুকে গিয়েছিলেন মুলার, শোয়েনস্টাইগার ঘুরে এসে উঁচু বল বাড়িয়েছিলেন মুলারের দিকে। ততক্ষণে সতর্ক আলজেরিয়ানরা। জার্মানদের বিশেষ কিছু করার চেষ্টা শেষ পর্যন্ত জোগাল হাসির খোরাক!