ভূপাতিত রোনালদো ও পর্তুগাল
জয় দিয়েই ২০১২ ইউরোর প্রস্তুতি শেষ করল ইংল্যান্ড। পরশু রয় হজসনের দল বেলজিয়ামকে হারিয়েছে ১-০ গোলে। প্রস্তুতি পর্বে হার-জিতের মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া হল্যান্ড শেষ প্রস্তুতি ম্যাচে উত্তর আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ৬-০ গোলে।কিন্তু নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে তুরস্কের কাছে ৩-১ গোলে হেরেছে পর্তুগাল। পরাজয়ের হতাশাটা পর্তুগালের বেশি এ কারণেই যে, ম্যাচটা ছিল লিসবনে নিজেদের মাঠে এবং পেনাল্টি মিস করেছেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোর চূড়ান্ত প্রস্তুতি পর্বে তিনটি প্রীতি ম্যাচেই জয়হীন কাটল পর্তুগালের। পোল্যান্ড ও মেসিডোনিয়ার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর এবার হারের লজ্জা। উমুত বুলুটসের জোড়া গোলে ২-০-তে পিছিয়ে পড়া পর্তুগালকে ম্যাচে ফিরিয়েছিলেন নানি (২-১)। রোনালদো পেনাল্টি মিস না করলে সমতায়ই ফিরত দল। উল্টো ৮৮ মিনিটে রিয়ালের আরেক তারকা পেপে পর্তুগালকে উপহার দিয়েছেন আত্মঘাতী গোল! পর্তুগাল কোচ বেন্তোর বিচারে ফলটা অন্যায্য। খেলোয়াড়দের হতাশ না হয়ে নিজেদের ওপর বিশ্বাস রাখতে বলেছেন তিনি।২৬ মে নরওয়ের বিপক্ষে ইংল্যান্ড জিতেছিল অ্যাশলি ইয়াংয়ের একমাত্র গোলে। পরশু ওয়েম্বলিতে সেই ইয়াংয়ের পাসেই ম্যাচের একমাত্র গোলটি করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ তুর্কি ড্যানি ওয়েলবেক। জাতীয় দলের হয়ে এটাই ২১ বছর বয়সী স্ট্রাইকারের প্রথম আন্তর্জাতিক গোল। এ ম্যাচেই ফিফা প্রথমবারের মতো হক-আই গোললাইন প্রযুক্তি ব্যবহার করেছে। যদিও শেষ পর্যন্ত লাগেনি প্রযুক্তির সাহায্য।ইংলিশদের ইউরো মিশন শুরু হবে ১১ জুন ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে। তার আগে টানা দুই জয়ে আত্মবিশ্বাস উঁচুতে চড়লেও রয় হজসনের মনে সংশয়ের মেঘ জমিয়েছে চোট। চোট এরই মধ্যে ছিটকে দিয়েছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, গ্যারেথ ব্যারিকে। পরশু আবার চোট পেয়েছেন চেলসির দুই ডিফেন্ডার গ্যারি কাহিল ও জন টেরি। টেরির হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে খুব একটা দুশ্চিন্তা না থাকলেও কাহিলকে নিয়ে শঙ্কিত ছিলেন ইংল্যান্ড কোচ। কাল তাঁর শঙ্কা সত্যি হয়েছে। ইউরো শেষ হয়ে গেছে কাহিলের।আমস্টারডামে হল্যান্ডের গোল-উৎসবে জোড়া গোল করেছেন আর্সেনালের অধিনায়ক রবিন ফন পার্সি ও বার্সেলোনার ইব্রাহিম অ্যাফেলাই। একটি করে গোল ওয়েসলি স্নাইডার এবং সেন্টারব্যাক রন ফ্লারের। স্নাইডারের গোলটি ২৫ গজ দূর থেকে দর্শনীয় ফ্রি-কিকে। ইউরোতে ডাচদের প্রথম ম্যাচ ৯ জুন ডেনমার্কের সঙ্গে। ডেনিশরা এদিন অস্ট্রেলিয়াকে হারিয়েছে ২-০ গোলে। সেদিক দিয়ে ‘গ্রুপ অব ডেথে’ পর্তুগালের প্রস্তুতিই হলো সবচেয়ে বাজে। একই দিন পর্তুগিজরা ইউরো মিশন শুরু করবে অন্যতম ফেবারিট জার্মানির সঙ্গে ম্যাচ দিয়ে। এএফপি।