ভেঙে গেল জুটি
ভারতের রোহান বোপান্না আর পাকিস্তানের আইসাম-উল হক কুরেশির জুটিটি আর থাকছে না। আগামী বছর থেকেই দুই দিকে বেঁকে যাবে দুজনার দুটি পথ।জুটি ভাঙলেও কুরেশির দাবি, ভারত-পাকিস্তানের রাজনৈতিক তিক্ততা তাঁদের ছুঁতে পারবে না, টেনিস কোর্টের জুটি থেকে গড়ে ওঠা তাঁদের বন্ধুত্ব আগের মতোই অটুট থাকবে। ১৬ ডিসেম্বর নিজের বিয়েতে বোপান্নাকে দাওয়াতও করেছেন কুরেশি।২০০৭ সালে যখন জটি বাঁধেন বোপান্না-কুরেশি, ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক তখন তলানিতে। ২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর দুই বৈরী প্রতিবেশীর সম্পর্ক আরও তেতো হয়ে যায়। সেই থেকে দুই দেশের ক্রিকেট সম্পর্কও ছিন্ন। বোপান্না-কুরেশির জুটিকে তাই দেখা হতো দেশ দুটির বন্ধুত্বের প্রতীক হিসেবে। র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা এই জুটিকে বলা হতো ‘ইন্দো-পাক এক্সপ্রেস’।পরশু ইন্ডিয়ান এক্সপ্রেসকে বোপান্না বলেছেন, ২০১২ সালে তিনি জুটি বাঁধছেন স্বদেশি মহেশ ভূপাতির সঙ্গে। বোপান্নার অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ান ওপেনে কুরেশি খেলবেন হল্যান্ডের জ্যঁ-জুলিয়েন রজারের সঙ্গে জুটি বেঁধে। তবে আবার জুটি বাঁধার সম্ভাবনা উড়িয়ে দেননি কুরেশি। কিন্তু আপাতত ভাবছেন নিজেকে নিয়েই, ‘আমার নিজের একটা লক্ষ্য আছে। বিশ্ব টেনিসে আমি আমার পতাকাটা উঁচুতেই রাখতে চাই।’ এএফপি।