ভেঙে গেল বেকহামের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের সায়াহ্নে এসে স্বপ্ন-আকাঙ্ক্ষা, চাওয়া-পাওয়া সবকিছুর কেন্দ্রে ছিল আরেকটি বিশ্বকাপ খেলা। ডেভিড বেকহামের সেই স্বপ্ন ভেঙে গেছে সিরি ‘আ’র এসি মিলান-শিয়েভো ম্যাচের ৮৮ মিনিটে। বল তাঁর পায়ে, আশপাশে নেই কেউ, কিন্তু কিক নিতে গিয়ে হঠাত্ করেই পড়ে গেলেন। বাঁ গোড়ালিটা ধরে ‘ইটজ ব্রোকেন, ইটজ ব্রোকেন’ বলে চিত্কার করে উঠলেন। রাতেই জানা গেল অ্যাকিলিস টেন্ডনে চিড়, যা মাঠের বাইরে রাখবে অন্তত চার মাস। আর বিশ্বকাপ মাত্রই তিন মাস দূরে!অথচ এই বিশ্বকাপটা খেলার জন্য কত কিছুই করেছেন! ‘ইংল্যান্ড দলে খেলতে হলে মানসম্পন্ন কোনো ক্লাবে খেলতে হবে’ কোচ ফ্যাবিও ক্যাপেলোর এই ঘোষণা শুনে দুঃসময়ের আশ্রয় লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি ছেড়ে ধারে খেলতে এসেছেন মিলানে, প্রিয়তমা স্ত্রীকে সুদূর আমেরিকায় রেখে এসেছেন ইতালি। মিলানের সেরা একাদশে জায়গা পাচ্ছিলেন না, কয়েকজন খেলোয়াড়ের ইনজুরি তাঁকে সুযোগ করে দেয় এই ম্যাচে। খেলছিলেনও ভালো, কিন্তু যখন বাদ সাধে ভাগ্য, তখন কী-ইবা আর করার থাকে! বেদনার্ত মুখ আর কান্নাভেজা চোখ নিয়ে মাঠ ছাড়লেন স্ট্রেচারে শুয়ে, স্টেডিয়াম ছাড়লেন ক্রাচে ভর দিয়ে।প্রথমে ধারণা করা হয়েছিল পাঁচ-ছয় মাস ভোগাতে পারে এই ইনজুরি। পরে বেকহামের শল্যবিদ জানিয়েছেন, সময় লাগবে চার মাস, ‘ফুটবলে টোকা দিতেই মাস তিনেক লাগবে, পুরো শক্তিতে লাথি দিতে এবং লাফ-ঝাঁপ করতে লাগবে আরও মাসখানেক। এরপর হয়তো হালকা খেলার মতো অবস্থায় আসতে পারে।’ স্বাভাবিকভাবেই ভীষণ ভেঙে পড়েছেন বেকহাম, মিলান ডিফেন্ডার ইগনাজিও অ্যাবাতে জানাচ্ছেন, ড্রেসিংরুমের কথা, ‘ও মোটেও ভালো নেই। ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়েছিল, কথাও বলছিল না। এ ঘটনা আমাদের সবাইকে ছুঁয়ে গেছে। যার শেষ মুহূর্তের গোলে জিতেছে মিলান, সেই ক্লারেন্স সিডর্ফ বলেছেন, ‘ঘটনাটা যখন ঘটল, তখনো বোঝা যায়নি এতটা গুরুতর কিছু। বেক আসলেই ভালো নেই।’ ধার শেষে জুলাইয়েই আবার গ্যালাক্সিতে ফিরে যাওয়ার কথা বেকহামের। মিলান কোচ লিওনার্দোর কথা, ‘আমাদের জন্য এটা ছিল একটা গুরুত্বপূর্ণ জয়, কিন্তু আমরা উপভোগ করার অবস্থায় নেই। ওর ইনজুরি আমাদেরও আহত করেছে।’ ঘটনার পরই ড্রেসিংরুমে গিয়ে মিলান সহসভাপতি গ্যালিয়ানি তাঁকে বুকে জড়িয়ে জানিয়েছেন, চাইলে আরও এক মৌসুম মিলানে তিনি খেলতে পারেন। কিন্তু এটা কি আর স্বপ্নভঙ্গের সান্ত্বনা হতে পারে!যাঁর সুদৃষ্টির জন্য মিলানে আসা, সেই ক্যাপোলো ম্যাচের পরই বেকহামের সঙ্গে কথা বলে দিয়েছেন সান্ত্বনা। কিন্তু বিশ্বকাপের দলে তাঁকে পাওয়ার আশা করছেন না ইংল্যান্ড কোচও, ‘রোববার রাতেই ওকে ফোন করে বলেছি আমরা ওর পাশেই আছি। কিন্তু মনে হয় না বিশ্বকাপটা ও খেলতে পারবে। বেকহাম দারুণ পেশাদার এক ফুটবলার, বিশ্বকাপে খেলার জন্য অনেক কষ্টও করছিল। ওকে হারানোটা আমাদের জন্য বিরাট ক্ষতি।’অনেকে বলছেন, বেকহামের এখন অবসরই নিয়ে ফেলা উচিত। বেকহামের নিশ্চয়ই এ মুহূর্তে এসব ভাবার মানসিক অবস্থা নেই। ২০০২ বিশ্বকাপের আগেও মেটাটারসাল ভেঙে বিশ্বকাপটা অনিশ্চিত করে ফেলেছিলেন। পরে প্রত্যাশার চেয়েও দ্রুত সুস্থ হয়ে ঠিকই খেলেছিলেন কোরিয়া-জাপানে। কিন্তু এবার যে কোনো সম্ভাবনাই নেই। ‘ভেঙে গেছে, ভেঙে গেছে’ বলে মাঠে চিত্কার করেছিলেন। কী বোঝাতে চেয়েছিলেন, ভেঙে গেছে গোড়ালি, নাকি স্বপ্ন! এএফপি, ওয়েবসাইট।