‘দুজনের দিক থেকেই সিদ্ধান্ত নেওয়াটা ছিল খুব কঠিন। কিন্তু আমাদের ক্যারিয়ার সূচি ও এত বেশি ভ্রমণ পরিস্থিতিটাকে কঠিন করে তুলেছিল’
ভেঙে গেল মা-শা জুটি!
শোনা যাচ্ছিল, এই নভেম্বরেই বাজবে বিয়ের সানাই। সন্তানসম্ভবা হওয়ার খবরও ছড়িয়ে পড়েছিল। দুটিকেই গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন বটে, কিন্তু তারকাদের স্বভাবই ব্যক্তিগত জীবনকে ধোঁয়াশার চাদরে ঢেকে রাখা! জল্পনাকল্পনার তাই শেষ ছিল না। কিন্তু চিত্রনাট্যে আচমকাই ‘অ্যান্টি ক্লাইম্যাক্স।’ সানাই বাজল, তবে বিচ্ছেদের সুরে। মারিয়া শারাপোভা জানিয়ে দিলেন, দুজনার দুটি পথ গেছে বেঁকে। চুকেবুকে গেছে শাশা ভুয়াচিচের সঙ্গে তাঁর বহু আলোচিত সম্পর্ক!বাস্কেটবল তারকা ভুয়াচিচের সঙ্গে শারাপোভার সম্পর্ক ২০০৯ সাল থেকে। ২০১০ সালের অক্টোবরে করেন আংটিবদল। দুজনের প্রথম দেখার প্রথম বর্ষপূর্তির দিনে শারাপোভাকে ‘প্রস্তাব’ দিয়েছিলেন ভুয়াচিচ। এরপরই বাগদান। কিছুদিন ধরে শোনা যাচ্ছিল আসছে নভেম্বরে ইস্তাম্বুলে গাঁটছড়া বাঁধবেন দুজন। কিন্তু গত শুক্রবার ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে ওঠার পর সংবাদ সম্মেলনে শারাপোভা জানালেন জীবনের পথে সামনে এগিয়ে যাওয়ার খবর। ছাড়াছাড়ি হয়ে গেছে নাকি বেশ কিছুদিন আগেই, ‘সম্পর্কটা নেই আসলে গত বসন্তের শেষ থেকেই। আমি আসলে এমন নই যে সবকিছু জোরেশোরে ঘোষণা করব। আগের সম্পর্কগুলোর ক্ষেত্রেও তা করিনি। আমি অপেক্ষা করছিলাম কেউ আমাকে সম্পর্ক নিয়ে প্রশ্ন করুক, কিন্তু এত দিন কেউ সরাসরি প্রশ্ন করেনি।’দুই জগতের দুই ব্যস্ত তারকার ক্ষেত্রে যা হয়, মা-শা জুটির সম্পর্কেও ঘুণ ধরিয়েছে সেই ‘সময়’। দুজন দুজনকে সময়ই দিতে পারছিলেন না। ভুয়াচিচ তুরস্কে পাড়ি জমানোর পর তো বলতে গেলে দেখাই হচ্ছিল না দুজনের! লস অ্যাঞ্জেলেস লেকার্সে ছয় বছর কাটিয়ে ২০১০ সালের ডিসেম্বরে নিউ জার্সি নেটসে নাম লেখান স্লোভেনিয়ান গার্ড। গত বছর জুলাইয়ে এনবিএ ছেড়ে পাড়ি দেন তুর্কি লিগের সফলতম দল আনাদোলু ইফেসে। রাশিয়ার মেয়ে হলেও শারাপোভা থাকেন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্র থেকে তুরস্কের দূরত্ব যতটা, দুজনের মনের দূরত্ব সৃষ্টি হয়েছিল যেন আরও বেশি। কঠিন সিদ্ধান্তটা নেওয়া ছাড়া তাই নাকি আর উপায় ছিল না।মনের অমিল খুব বেশি ছিল না, স্রেফ ওই পেশাদারি আর ব্যক্তিগত জীবনের চিরায়ত সংঘাত। ছাড়াছাড়ির সিদ্ধান্তটা নাকি তাই খুব কঠিন ছিল, ‘দুজনের দিক থেকেই সিদ্ধান্ত নেওয়াটা ছিল খুব কঠিন। কিন্তু আমাদের ক্যারিয়ার সূচি ও এত বেশি ভ্রমণ পরিস্থিতিটাকে কঠিন করে তুলেছিল, বিশেষ করে ও তুরস্কে যাওয়ার পর। ওখানে খেলার সূচি এমন যে ও খুব বেশি সময় পাচ্ছিল না। তুরস্কে যাওয়ার পর একপর্যায়ে ১০ মাস ও বাড়ি ফেরেনি। সব মিলিয়ে তাই পরিস্থিতি খুব কঠিন হয়ে উঠেছিল।’নিষ্ঠুর বাস্তবতা তাঁদের আলাদা করেছে। তবে একসঙ্গে কাটানো সময়, ঘুরে বেড়ানো, শারাপোভার ম্যাচে ভুয়াচিচের গলা ফাটানো, মধুর সব স্মৃতি এখনো জীবন্ত শারাপোভার মনে। তাঁর দাবি, আলাদা হয়ে গেলেও দুজনের সম্পর্ক এখনো যথেষ্ট উষ্ণ, ‘পরস্পরের প্রতি আমাদের শ্রদ্ধার অভাব নেই। এখনো ওকে বন্ধু ভাবতে ভালো লাগবে আমার। একসঙ্গে দারুণ কয়েকটি বছর কাটিয়েছি আমরা। দুজনের জন্যই সময়টা ছিল চমৎকার।’শারাপোভার বাগদান ভেঙে যাওয়ার খবরে কিন্তু জোড়া লাগতে পারে লাখো তরুণের ভেঙে যাওয়া হূদয়! তবে ওই তরুণদের জন্য দুঃসংবাদ। বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছাটা শারাপোভার তীব্র। পারিবারিক জীবনটা নাকি দারুণ উপভোগ করেন ২৫ বছর বয়সী তারকা, ‘বিয়ের চান্স এখনো আছে। বয়স তো বেশি নয়, সামনে সময় পড়েই আছে! যখন টুর্নামেন্টে থাকি, বিভিন্ন ইভেন্ট বা ব্যবসাসংক্রান্ত কাজে ব্যস্ত থাকি, অনেক ঝলমলে জীবন হওয়া সত্ত্বেও সবকিছু অনেক ক্লান্তিকর লাগে। কিন্তু দিন শেষে যখন ঘরে ফিরি, আমি আর সবার মতোই। সাধারণ জীবনযাপন করতে পারি এবং সেটা নিয়ে আমি খুবই তৃপ্ত। যদিও আমার অফিস মানেই টেনিস কোর্ট! এএফপি, ওয়েবসাইট।