ভেঙে গেল সৌজন্যের দেয়াল
খানিকটা দেরি হলো, লেগে গেল সপ্তাহ দুয়েক। কিন্তু শেষ পর্যন্ত শুরু হলোই। দুই দলের গত কয়েকটা সিরিজ মাঠের ভেতরে যেমন, তেমনি উত্তাপ ছড়িয়েছে মাঠের বাইরেও। ব্যাট-বলের মতো জমে উঠেছিল কথার লড়াইও। সেই লড়াইয়ের সূত্রে একসময় টান পড়েছিল ভারত-অস্ট্রেলিয়া কূটনৈতিক সম্পর্কেও। এবার তাই বেশ সতর্ক ছিল দুই দল, যেন একটা অলিখিত চুক্তিই ছিল বিতর্ক না ছড়ানোর। কিন্তু সৌজন্যবোধের সেই দেয়াল অবশেষে ভেঙে গেল। শুরুটা করেছিলেন ব্র্যাড হাডিন, জবাব দিতে দেরি করেননি জহির খান। খানিকটা নিরাপদে থেকে যোগ দিয়েছেন পিটার সিডল।হাডিনের বিশ্বাস, পরিস্থিতি প্রতিকূলে থাকলে ভারতীয় দল বিশ্বের যেকোনো দলের চেয়ে বেশি ভঙ্গুর। হাডিন যেমন বলেছেন, তাতে বিশ্বাসটা আসলে গোটা অস্ট্রেলিয়া দলেরই। স্কাই স্পোর্টস রেডিওকে অস্ট্রেলিয়া সহ-অধিনায়ক বলেছেন, ‘আমাদের ব্যাটিংয়ের সময় এ ব্যাপারটা নিয়ে খানিকটা কথা হয়েছে। যতক্ষণ আমরা ওদের ফিল্ডিংয়ে রাখতে পারব, ওদের নড়বড়ে করে দেওয়ার সম্ভাবনা তত বাড়বে। আমরা জানি, কোনো কিছু পক্ষে যেতে না থাকলে ভারতীয়রা নিজেদের মধ্যে ঝামেলা পাকিয়ে ফেলে, সংবাদমাধ্যমও খুব দ্রুত ওদের ওপর ঝাঁপিয়ে পড়ে। জানতাম, যদি দীর্ঘক্ষণ ওদের মাঠে রাখা যায় ও বড় অঙ্কের রান করা যায়, তাহলে এর প্রতিদান আমরা পাব। কারণ, বিশ্বের যেকোনো দলের চেয়ে ওরা দ্রুত ভেঙে পড়ে।’হতে পারে, হাডিন ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকেই বলেছেন। কিংবা হতে পারে এমনিতেই চাপে থাকা দলের আত্মবিশ্বাসে আরও ঘুণ ধরাতে চান। কিন্তু মজার ব্যাপার হলো, সময়টা ভালো যাচ্ছে না তাঁর নিজেরই। ব্যাটে রান নেই, দুই টেস্টে সহজতম তিনটি ক্যাচ ছেড়েছেন। দলে জায়গা নিয়েই টানাটানি। হাডিনের কথায় আঁতে ঘা যথেষ্টই লেগেছে জহির খানের। সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসে খোঁচা দিলেন হাডিনের দুর্বল জায়গাটাতেই, ‘আমার মনে হয়, হাডিনের মন দেওয়া উচিত কিপিংয়ে। ওর কিপিংই বরং খুব নড়বড়ে মনে হচ্ছে। নড়াচড়া আরেকটু বেশি করা উচিত।’আগুনে ঘি ঢেলে দিলেন আরেক সাংবাদিক। প্রশ্ন করলেন, ‘এত বাজে পারফরম্যান্সের পরও হাডিন দলে টিকে যাওয়ায় আপনি কি অবাক?’ ঠোঁটের কোণে হাসি এনে জহিরের উত্তর, ‘আমার মনে হয়, হাডিনকে অস্ট্রেলিয়া দল কথার খই ফোটানোর দায়িত্ব দিয়েছে। সে তো সমানে মুখ চালিয়ে যাচ্ছে। তো ওর কাজ ও ঠিকমতোই করছে!’অস্ট্রেলিয়ার সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই প্রসঙ্গটা উঠল। হাডিনকে সমর্থন করে দলের হয়ে জবাব দিলেন সিডল, ‘কথা বলার দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। এসব এমনিতেই হয়েছে। জহির হাডিনকে বলছে কিপিংয়ে মন দিতে। আমার মনে হয় না, কিপিং নিয়ে পরামর্শ দেওয়ার জন্য জহির উপযুক্ত লোক!’ পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে দেখেই হয়তো সিডল সৌজন্যের বাতাবরণ আনার চেষ্টা করলেন, ‘মাঠে আমরা সবাই যথেষ্ট ভালো আর বন্ধুত্বপূর্ণ। প্রতিপক্ষের জন্যও আমরা সবাই অনেক ভালো। ক্রিকেটটা আমরা এভাবেই খেলার চেষ্টা করি।’তবে সিডল যতই বলুন, পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার দিকেই এগোচ্ছে। অস্ট্রেলিয়ান পত্রপত্রিকায় কাল ফলাও করে প্রকাশিত হয়েছে ভারতীয় দলে দলাদলির খবর। অধিনায়কত্ব নিয়ে নাকি দুই ভাগে বিভক্ত দল। এক দল চায় ধোনি চালিয়ে যান, আরেক দল চায় নেতৃত্বে আসুন বীরেন্দর শেবাগ। সিডনি হেরাল্ড সান লিখেছে, শেবাগ ড্রেসিংরুমের পরিবেশ দূষিত করছেন। অস্ট্রেলিয়ান পেসার রায়ান হ্যারিস নাকি পত্রিকাটিকে বলেছেন, ‘ভারতীয়রা নিজেদের মধ্যেই ঝামেলা পাকিয়েছে, দলে কোনো ঐক্য নেই।’সব মিলিয়ে মনে হচ্ছে, সামনের দিনগুলোতে মাঠের ক্রিকেটের মতো আলোচনায় থাকবে মাঠের বাইরের ক্রিকেটও। ওয়েবসাইট।