ভেঙে যাচ্ছে রুনির সংসার!
যৌন কেলেঙ্কারির কারণে গত মাসে টাইগার উডসের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটেছে এলিন নর্ডেগ্রেনের। ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলের খবর সত্যি হলে একই কারণে সংসার ভাঙতে যাচ্ছে ইংল্যান্ডের তারকা ফুটবলার ওয়েইন রুনিরও!পত্রিকাটির দাবি, বছর খানেক আগে সন্তানসম্ভবা স্ত্রী কলিন ম্যাকলফলিনকে ঘরে রেখে জেনিফার টমসন নামের ২১ বছর বয়সী এক দেহপসারিণীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলার ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় রুনির সংসারে এখন আগুন জ্বলছে। রুনিকে একদমই সহ্য করতে পারছেন না কলিন, এগিয়ে যাচ্ছেন বিবাহবিচ্ছেদের দিকে। স্ত্রী সম্পর্ক টিকিয়ে রাখতে না চাইলে বিবাহবিচ্ছেদে প্রস্তুত আছেন রুনিও!‘তোমাকে আমার আর প্রয়োজন নেই। আমি তোমাকে দেখতে চাই না’, রুনিকে নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ২৪ বছর বয়সী কলিন। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ মন্তব্য প্রকাশ করেছে ডেইলি মেইল। রুনিও বন্ধুদের জানিয়ে দিয়েছেন, স্ত্রী না চাইলে বিয়ে রক্ষার জন্য কোনো পদক্ষেপ নেবেন না তিনি।পত্রিকাটি জানিয়েছে, ১০ মাস বয়সী সন্তানকে নিয়ে নিজের মা-বাবার সঙ্গে থাকবেন কলিন। কলিনের বাবাও রুনিকে বলে দিয়েছেন, ‘আমার বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের মতো বন্ধ।’এদিকে ডেইলি মিরর জানিয়েছে, কলিন স্বামীর সঙ্গে যে বাড়িতে থাকতেন, সেটি ছেড়ে মা-বাবার সঙ্গে উঠেছেন। ফোনে স্ত্রীকে শান্ত করার চেষ্টা করছেন রুনি। এ প্রসঙ্গে রুনি ও কলিনের মুখপাত্র ইয়ান মনক বলেন, ‘এ নিয়ে আমার বলার কিছু নেই। এটা তাঁদের নিজস্ব ব্যাপার।’