ভেঙ্গসরকারের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন ক্রিকেট খেলে অনেক অর্থ উপার্জন করতে পারছেন বর্তমান সময়ের ভারতীয় ক্রিকেটাররা। একসময় অবশ্য খেলাটা এত বেশি লাভজনক ছিল না। কিন্তু সাবেক সেই ক্রিকেটারদের অসামান্য অবদানের জন্যই আজকের বিশ্বক্রিকেটে শক্তপোক্ত জায়গা করে নিতে পেরেছে ভারত। এখন সাবেক সেই ক্রিকেটারদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য তাঁদের প্রায় ১০০ কোটি রুপি দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিসিআই। উদ্যোগটা খুবই মহত্ হলেও যে পদ্ধতিতে এই অর্থের ভাগ-বাটোয়ারা করা হচ্ছে, তাতে সন্তুষ্ট হতে পারেননি অনেক সাবেক ক্রিকেটারই। সাবেক অধিনায়ক দীলিপ ভেঙ্গসরকার তো ক্রিকেট বোর্ডের ওপর রীতিমতো নিজের ক্ষোভই প্রকাশ করেছেন।ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য কীর্তি আজাদকে এই সাবেক ক্রিকেটারদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি কারণ তিনি জনসমক্ষে ভারতীয় ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছেন। এই তালিকার বাইরে আছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল দুই অধিনায়ক কপিল দেব ও মোহাম্মদ আজহারউদ্দিন। ভারতীয় ক্রিকেটে অবিস্মরণীয় অবদান রাখলেও শুধু ক্রিকেট বোর্ডের সঙ্গে বনিবনা না হওয়ায় বঞ্চিত হতে হচ্ছে তাঁদের। আরেক সাবেক অধিনায়ক দিলীপ ভেঙ্গসরকার, গুনডাপ্পা বিশ্বনাথ, সৈয়দ কিরমানি ও মাহিন্দর অমরনাথকেও কোনো অর্থ প্রদান করা হবে না। কারণ হিসেবে বিসিসিআই বলেছে যে তাঁরা আগেই এই ক্রিকেটারদের জন্য কিছু ‘বেনিফিট’ ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল।বিসিসিআই উল্লেখিত ক্রিকেটারদের জন্য যে বেনিফিট ম্যাচগুলোর আয়োজন করেছিল, সেগুলো এমন সময় হয়েছিল, যখন ক্রিকেট থেকে বিরাট অঙ্কের অর্থ প্রাপ্তি কল্পনাও করা যেত না। এক হিসেবে ‘বেনিফিট প্যাঁচে’ পড়ে বোর্ড থেকে বিরাট অঙ্কের অর্থপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন দীলিপ ভেঙ্গসরকার, সৈয়দ কিরমানি, গুন্ডাপ্পা বিশ্বনাথ ও মহিন্দর অমরনাথ। এই অঙ্কটা ভেঙ্গসরকার ও কিরমানির ক্ষেত্রে দেড় কোটি রুপি, বিশ্বনাথের ক্ষেত্রে এক কোটি রুপি ও মহিন্দর অমরনাথের ক্ষেত্রে ৭৫ লাখ রুপি।এই পরিস্থিতিতে ক্রিকেট বোর্ডের ওপর ক্ষোভ প্রকাশ করে ভেঙ্গসরকার বলেছেন, ‘ভারতীয় ক্রিকেটে অবদান রাখাদের বোর্ড সম্মানিত করছে দেখে ভালোই লাগছে। কিন্তু যখন এই সম্মানটা একেজনের ক্ষেত্রে একেক রকম হবে তখন কিন্তু আপনি ক্ষুব্ধ হবেনই। সম্মান যখন জানাবেন, তখন সম্মানটা সবার ক্ষেত্রেই সমান হওয়া উচিত। আমি আশা করি, বিসিসিআই তাদের এই ভুলগুলো স্বীকার করবে এবং সবাইকেই সমানভাবে স্বীকৃতি দেবে।’ টিএনএন।