ভেট্টরির ‘রহস্যময়’ অসুখ
এক রহস্যময় অসুখে আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। পাকিস্তানের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে নাকি ‘আলস্য’ ও ‘জ্বরজ্বর’ ভাব পেয়ে বসেছে তাঁকে। এর ফলে গতকাল শনিবারই তাঁকে মাঠ থেকেই রক্ত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দলের ম্যানেজার ডেভ কিউরি।শনিবার মাঠে নেমেই ভেট্টরি নাকি এই উপসর্গে আক্রান্ত হন। সে কারণে মাঠে তাঁর স্বাভাবিক সাবলীলতা ছিল অনুপস্থিত। একপর্যায়ে ২০ মিনিটের জন্য তিনি মাঠও ত্যাগ করেছিলেন। তার পরও ৩১ বছর বয়সী এই বাঁ-হাতি স্পিনার ২২ ওভার বল করে খরচ করেছেন কেবল ২৯ রান।এদিকে, নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ডিওন ন্যাশ নিউজিল্যান্ডের এক স্থানীয় বেতারে ধারাভাষ্য দেওয়ার সময় জানিয়েছেন, ভেট্টরিকে ম্যালেরিয়া পরীক্ষা করার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ম্যানেজার কিউরি ন্যাশের এই ভাষ্য পুরোপুরি অস্বীকার করেছেন। ন্যাশ জানিয়েছেন, ভেট্টরি কিছুদিন আগে ভারত সফরে ছিলেন। তাই তাঁর এই হাসপাতালে যাওয়া যদি ম্যালেরিয়ার রক্ত পরীক্ষার জন্য হয়, তাহলে অবাক হওয়ার কিছু নেই।কিউরি বলেন, ভেট্টরি খেলার উপযোগী শারীরিক অবস্থায়ই আছেন। তাঁর রক্ত পরীক্ষা সম্পর্কে তিনি বলেন, ‘হ্যাঁ, একটু শারীরিক সমস্যার কারণে তাঁর রক্ত পরীক্ষা করতে হচ্ছে। এই পরীক্ষার ফলাফল দুই দিন পর পাওয়া যাবে। ভেট্টরির কী হয়েছে, তা জানার জন্য আমাদের সবার উচিত এই দুদিন অপেক্ষা করা।’নিউজিল্যান্ডের পেসার ব্রেন্ট আরনেল বলেছেন, কিছুটা শারীরিক সমস্যা সত্ত্বেও ভেট্টরি মাঠে বল হাতে ঠিকই অবদান রেখেছেন। এতে প্রমাণিত হয় মানসিকভাবে কতটা দৃঢ় তিনি। রয়টার্স।