ভেট্টোরি আপাতত শুধু টেস্টেই
ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা বোলারকে আপাতত আর ওয়ানডে খেলতে দেখা যাবে না। ক্যারিয়ারকে আরও দীর্ঘায়িত করতে অধিনায়কত্ব ছেড়েছেন। এবার আন্তর্জাতিক ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে সাময়িক বিরতি নিলেন ড্যানিয়েল ভেট্টোরি। আপাতত দেশের হয়ে শুধু টেস্টেই খেলবেন। নিশ্চিত করে বলেননি বিরতিটা কত দিনের। তবে তাঁর কথায়ই রয়েছে ইঙ্গিত, হতে পারে অন্তত দুই বছর। দেশের মাটিতে আগামী বিশ্বকাপটা অবশ্য খেলতে চান সাবেক অধিনায়ক।সেই ১৮ বছর বয়স থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, ১৯৯৭ সালে অভিষেক নিউজিল্যান্ডের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে। টানা ১৪ বছর খেলার ক্লান্তি আছে, চোটের সঙ্গেও লড়াই করতে হচ্ছে প্রতিনিয়ত। তবে দেশের হয়ে খেলে যাওয়ার ইচ্ছেটা এখনো মরেনি। ক্যারিয়ারের স্বার্থেই তাই এই সিদ্ধান্ত, ‘সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট থেকে আমার বিরতি নেওয়ার কারণ মূলত শরীরটাকে রক্ষা করা এবং নিউজিল্যান্ডের টেস্ট খেলে যাওয়া। আমি বিশ্বাস করি, এখন বিরতি নিলে বছর দুয়েক পরে আবার ওয়ানডেতে ফেরার সুযোগ পাওয়া যাবে এবং সবকিছু ভালোভাবে হলে হয়তো ২০১৫ বিশ্বকাপের দলে থাকব। চোটও বিরতি নেওয়ার একটা কারণ। চেষ্টা করছি যাতে আরও বেশি তরতাজা থাকা যায়।’হাঁটুর চোট গত বিশ্বকাপ থেকেই ভোগাচ্ছে ভেট্টোরিকে। চোটটা আরও বেড়েছে আইপিএলে। অভিষেকের পর থেকেই নিউজিল্যান্ডের স্পিন আক্রমণের ভার বয়ে বেড়াচ্ছেন প্রায় এক হাতে। তাঁর ২৮২ উইকেট ওয়ানডেতে নিউজিল্যান্ডের সর্বোচ্চ, শীর্ষে তিনি টি-টোয়েন্টিতেও (২৮ ম্যাচে ৩৫ উইকেট)। আর ১২টি ওয়ানডে খেললে স্টিভেন ফ্লেমিংকে (২৭৯) ছাড়িয়ে দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটিও হয়ে যাবে তাঁর।হতে পারত এর উল্টোটাও, মানে টেস্ট থেকে বিরতি নিয়ে খেলতে পারতেন রঙিন পোশাকে। তবে সে ভাবনা মনেও আসেনি ১০৫ টেস্ট খেলা স্পিনারের, ‘টেস্ট ক্রিকেটটা যত দিন সম্ভব খেলে যেতে চাই। এই সংস্করণটাকেই সব সময় সবচেয়ে বেশি ভালোবেসেছি। টেস্টের জন্য আমি পুরোপুরি ফিট ও প্রস্তুত হতে চাই। প্রস্তুতির ঘাটতি হলে কখনো কখনো টেস্টের পারফরম্যান্স ক্ষতিগ্রস্ত হয়।’ টেস্ট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনার ভেট্টোরি, ১০৫ টেস্টে ৩৪৫ উইকেট। কিউইদের হয়ে তাঁর চেয়ে উইকেট বেশি আছে আর কেবল রিচার্ড হ্যাডলির। ৪০০০ রান ও ৪০০ উইকেটের অসাধারণ এক ডাবলও হাতছানি দিচ্ছে ৩২ বছর বয়সীকে, যে কীর্তি আছে শুধু কপিল দেবের।সদ্য সাবেক অধিনায়ককে কথা বলতে হয়েছে নতুন অধিনায়ক নিয়েও। ভেট্টোরির অনুপস্থিতিতে নানা সময় দলকে নেতৃত্ব দেওয়া রস টেলরকে অনেকে বলছেন রক্ষণাত্মক অধিনায়ক। তবে ৩২ টেস্ট ও ৮২ ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া ভেট্টোরি কিন্তু পাশেই দাঁড়িয়েছেন উত্তরসূরির, ‘আমার ধারণা, রস দারুণ করবে। বুঝতে পারছি না ওই রক্ষণাত্মক তকমাটা কীভাবে এল, কারণ আমার মনে হয় না ও সে রকম। ওর ক্রিকেট-মস্তিষ্ক বেশ ক্ষুরধার।’ ওয়েবসাইট।