নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর বেশ আগে থেকেই শুরু হয়ে গেছে আমাকে ও ভেট্টোরিকে মিলিয়ে আলোচনা। কিছুদিন ধরে এই আলোচনায় রসদ জোগাচ্ছে ভেট্টোরিই। ভেট্টোরির সঙ্গে আমাকে মিলিয়ে যে আলোচনাটা ইদানীং হয়, সেটা আমার জন্য একই সঙ্গে বিব্রতকর এবং খানিকটা আনন্দের। আমি আন্তর্জাতিক ক্রিকেট শুরু করার আগেই ভেট্টোরি অনেক বড় তারকা। ওকে অনুসরণ বা অনুকরণ না করলেও ওর সম্পর্কে আগেই জানতাম। আর এখন তো ও বিশ্বের অন্যতম সেরা বোলার। ফলে ওর সঙ্গে আমার তুলনা করলে একটু অস্বস্তি তো লাগেই।সবচেয়ে বিব্রতকর লাগে স্বয়ং ভেট্টোরির কথাবার্তা। এবারও সে বাংলাদেশে এসে বলল, ‘সাকিবই সম্ভবত আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ’। তবে এটা তো মানতেই হবে, ওর মতো ক্রিকেটারের কাছ থেকে এ ধরনের প্রশংসা পাওয়াটা অবশ্যই অনেক বড় প্রাপ্তি।ভেট্টোরিকে সামনাসামনি প্রথম দেখি ২০০৭ সালে; ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে। অ্যান্টিগায় ওদের বিপক্ষে খেলা ছিল আমাদের। এরপর ওর বিপক্ষে আরও ৯টি ওয়ানডে খেলেছি, খেলেছি ৪টি টেস্টও। গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে তো আমরা দুজন ছিলাম প্রতিপক্ষ অধিনায়ক। কিন্তু মজার ব্যাপার কি জানেন, ওর সঙ্গে আমার কখনোই সেভাবে কথা হয়নি।কথা হয়নি মানে, দেখা হলে সৌজন্য বিনিময় তো হয়ই। কিন্তু আড্ডা দেওয়া হয় না। অবশ্য ওর সঙ্গে আড্ডা দিলেও ক্রিকেট নিয়ে তেমন কথা হবে না, সেটা নিশ্চিত করতে পারি। গল্প করব ক্রিকেটের বাইরের কিছু নিয়ে।তার মানে কিন্তু এই নয় যে, ওর কাছ থেকে আমার কিছু জানার নেই। গ্রেট একজন বাঁহাতি স্পিনার; অনেকে তো ওকে সর্বকালের সেরাও বলে। সে আলোচনায় আমাদের দরকার নেই। আমি যতটুকু দেখেছি, সে বোলার হিসেবে অসাধারণ।ওর বলের ওপর নিয়ন্ত্রণ অসামান্য। চাইলে সারা দিন একই জায়গায় বল ফেলে যেতে পারে। এর সঙ্গে ভ্যারিয়েশনও আছে অনেক। ওর চোখে পড়ার মতো আরেকটা বৈশিষ্ট্য হলো, দ্রুত ব্যাটসম্যানকে পড়ে নিতে পারা।আমিও যেহেতু বাঁহাতি স্পিনার, তাই তুলনাটা করতেই হয়। আমি মনে করি, আমারও বলের ওপর নিয়ন্ত্রণ একেবারে খারাপ নয়। হয়তো ওর মতো অত দুর্দান্ত না হলেও ওই কাজটা আমিও মোটামুটি ভালোই পারি। কিন্তু ওর চেয়ে যেখানে পিছিয়ে আছি, সেটা হলো বৈচিত্র্য। ভেট্টোরি বলে যত ভ্যারিয়েশন করতে পারে, আমি এখনো পারি না। তবে এটা আসলে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে। আশা করি, আমিও সময়ের সঙ্গে সঙ্গে বলে বৈচিত্র্য বাড়াতে পারব।ইদানীং অবশ্য ব্যাটসম্যান ভেট্টোরিকে নিয়েও কথা বলাটা প্রয়োজন হয়ে পড়েছে। বছর তিন-চারেক ধরে ভেট্টোরি নিয়মিতই রান করছে। ‘ব্যাটসম্যান ভেট্টোরি’কে বাংলাদেশও খুব ভালো চেনে! বল হাতে যেমন, ব্যাট হাতেও ও বাংলাদেশের বিপক্ষে ভালো করেছে।আমি অবশ্য ওকে বল করার সময় বাড়তি কোনো চিন্তা মাথার মধ্যে রাখি না। হ্যাঁ, নিজে বাঁহাতি স্পিনার বলে আমার বোলিং হয়তো ওর বুঝতে সহজ হতে পারে। তার পরও আমি আর সব ব্যাটসম্যানের মতোই বিবেচনা করি ওকে। যখন ব্যাটিং করি, তখনো বোলার ভেট্টোরিকে নিয়ে আলাদা কোনো চিন্তা থাকে না।আসলে আলাদা করে কাউকে নিয়েই চিন্তা করতে চাই না। তার পরও বাংলাদেশ-নিউজিল্যান্ড খেলা হলেই ভেট্টোরি-সাকিব প্রসঙ্গটা চলে আসে বারবার। ওই যে বললাম, একটু বিব্রত লাগে, আবার ভালোও লাগে। বাংলাদেশ জাতীয় দলের সহ-অধিনায়কের কলাম শুধু ছাপা হবে প্রথম আলোতে