ভেট্টোরি নেই ভারতের বিপক্ষেও
চার বছরের মধ্যে প্রথম নিউজিল্যান্ডে পা রেখেছে ভারতীয় ক্রিকেট দল। দুই টেস্ট ও পাঁচ ওয়ানডে খেলতে গতকালই অকল্যান্ডে পৌঁছেছে মহেন্দ্র সিং ধোনির দল। ভারতের আগমনের দিনই স্বাগতিকদের শুনতে হয়েছে একটি দুঃসংবাদ। এই সিরিজেও খেলতে পারছেন না পিঠের চোটে ভোগা ড্যানিয়েল ভেট্টোরি। সাবেক অধিনায়ক ও বাঁহাতি স্পিনার এখনো আন্তর্জাতিক ক্রিকেটে খেলার মতো ফিটনেস ফিরে পাননি বলে তাঁকে
বিবেচনা করা হচ্ছে না সিরিজের জন্য।
নিউজিল্যান্ডের কোচ মাইক হেসনকে উদ্ধৃত করে নিউজিল্যান্ডের দৈনিক ডমিনিয়ন পোস্ট জানিয়েছে, ‘ড্যানিয়েল ভেট্টোরিকে ভারত সিরিজের জন্য বিবেচনা করা হচ্ছে না। তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারটা এখনো চোটের কারণে ঝুঁকিপূর্ণ। আমি ড্যানের সঙ্গে কথা বলেছি, সে অস্ট্রেলিয়া থেকে ফিরে শরীরের অবস্থা পর্যবেক্ষণ করবে। এরপর তাঁর সঙ্গে আমি ও ব্রেন্ডন (ম্যাককালাম) তাঁর ভবিষ্যৎ নিয়ে কথা বলব।’
ভেট্টোরি এখন বিগ ব্যাশে খেলছেন ব্রিসবেন হিটের হয়ে। এই মাসেই ৩৫-এ পা দিতে যাওয়া ভেট্টোরিকে পিঠের ব্যথা কমাতে দিন কয়েক পরপরই তিনটি ব্যথানাশক ইনজেকশন নিতে হচ্ছে।
১৯ জানুয়ারি শুরু হচ্ছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগেই আগামীকাল ঘোষণা করা হবে ওয়ানডে দল।
ওয়ানডেতে ভারত এখন বিশ্বের এক নম্বর দল। নিউজিল্যান্ড আছে আটে। তার ওপর নেই ভেট্টোরি। মহেন্দ্র সিং ধোনি এর পরও হালকাভাবে নিতে চান না কিউইদের। সিরিজটা হচ্ছে নিউজিল্যান্ডে, কাল অকল্যান্ডের পৌঁছেই ধোনি এটা মনে করিয়ে দিলেন, ‘তাঁরা দুর্দান্ত একটি দল। তাদের দলে এখন ভালো ভালো বোলার আছে। আমি নিউজিল্যান্ডকে মোটেই হালকাভাবে নিচ্ছি না। বিশেষ করে দেশের মাটির পরিবেশটা আমাদের চেয়ে তাদেরই ভালো জানা। এ ছাড়া যারা এখানে খেলেনি তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ।’ এএফপি, ওয়েবসাইট।