ভেট্টোরি-প্যাটেলকে ভর্ৎসনা
স্পিনাররা জুটি বেঁধে শিকার করেন। ড্যানিয়েল ভেট্টোরি ও জিতান প্যাটেলও কাজটা টুকটাক করেছেন, বিপদে ফেলেছেন ব্যাটসম্যানদের। তবে এবার অন্য এক জায়গায় জুটি বেঁধে বিপদে পড়েছিলেন নিজেরাই। কুইন্সটাউনের এক পানশালায় বসে রাতভর মদ্যপান করেছেন দুজন। ছোটখাটো একটা দুর্ঘটনাও হয়েছে, সেই সূত্রে পরে ফাঁস হয়েছে ঘটনা। তবে অল্পতেই পার পান দুজন। ভর্ৎসনা আর কড়া হুঁশিয়ারি জানিয়েই এবার ছাড় দিয়েছে ক্রিকেট নিউজিল্যান্ড। ওয়েবসাইট।ঘটনা গত ২৭ ফেব্রুয়ারি রাতের। কুইন্সটাউনে ইংল্যান্ড-নিউজিল্যান্ড একাদশের প্রস্তুতি ম্যাচে খেলছিলেন প্যাটেল। চোট নিয়ে দীর্ঘদিন দলের বাইরে থাকা ভেট্টোরি কুইন্সটাউনে ছিলেন পুনর্বাসনের জন্য। প্রথম দিনের খেলা শেষে রাতে স্থানীয় এক পানশালায় যান দুজন। পানশালার দ্বাররক্ষীর সঙ্গে ঝামেলাও বাঁধে প্যাটেলের। একপর্যায়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। অসুস্থ হওয়ায় পরদিন আর মাঠেই যেতে পারেনি প্যাটেল। তখন অসুস্থতা বলা হলেও এখন খোলাসা হলো আসল কাহিনি।দুজনই পরে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। নিউজিল্যান্ড ক্রিকেটের এক সময়কার সর্বেসর্বা ভেট্টোরির অনুতপ্ত নিজের ভূমিকায়, ‘আমার আচরণ ছিল পুরোপুরি অপেশাদার, জিতানের সঙ্গে সময়টা আমি অন্য কোনোভাবেও কাটাতে পারতাম। যাঁদের সঙ্গে আমি কাজ করছি সেই নিউজিল্যান্ড ক্রিকেট মেডিকেল টিমের কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চাইছি আমার আচরণে যাঁরা হতাশ হয়েছেন, তাঁদের কাছে।’ ক্রিকেটারদের পানাসক্তি নিয়ে আগেও ঝামেলায় পড়েছে ক্রিকেট নিউজিল্যান্ড। জেসি রাইডার তো অনেক দিন ধরেই বাইরে। কদিন আগে এক পার্টিতে নিজের পা কেটে চলতি ডানেডিন টেস্টে খেলতে পারছেন না ডগ ব্রেসওয়েল।