ভেট্টোরির আউট আর রুবেলের বোলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতেই বাংলাদেশ দলকে অভিনন্দন জানাই। অবশ্য ৪-০-তে সিরিজ জয়ের পর ঘটা করে অভিনন্দন জানানোর কিছু নেই। এমনও দিন আসে, যখন অভিনন্দনের ঊর্ধ্বে চলে যায় সব। আমাদের ক্রিকেটে তেমনই একটা দিন ছিল কাল।স্বপ্নের মতো ৪-০ ফল কখনো সৌভাগ্যের ছোঁয়ায় হয় না। খেলেই এটি অর্জন করতে হয়। এটি আরও মহিমান্বিত হয়ে যায়, যখন শেষ ম্যাচে আমরা মাত্র ১৭৪ রান করলাম। তবু আমাদের দল দারুণভাবে শেষ ম্যাচ জিতে ৪-০ করেছে। কোনো বিশেষণ যথেষ্ট মনে হচ্ছে না।কালকের ম্যাচের টার্নিং পয়েন্ট অনেকগুলো। সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ড্যানিয়েল ভেট্টোরির আউটটাই। ওই আউট আমাদের ম্যাচটা জিতিয়েছে বলব। ভেট্টোরির ক্যাচ ফেলাও টার্নিং পয়েন্ট হতে পারত। শেষ পর্যন্ত সেটি হয়নি। এলিয়টের ক্যাচ ফেলা বড় আক্ষেপের কারণ হতে পারত। সেটিও হয়নি। ভালো লাগছে এই ভেবে—দুটি মূল্যবান ক্যাচ ফেলেও ম্যাচটা জিতলাম আমরা।গ্র্যান্ট এলিয়টের আউট বাংলাদেশ দলের জয় নিশ্চিত করে দেয়। নিউজিল্যান্ডের ৫ উইকেট পড়ে যাওয়ার পরে সে অর্থে ব্যাটসম্যান আর ছিল না। ভেট্টোরি-এলিয়টের পার্টনারশিপ দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল। ছোট স্কোর তাড়া করে একটা বড় পার্টনারশিপই ব্যবধান গড়তে যথেষ্ট। এমন সময়ে ভেট্টোরির উইকেটটা খুবই দরকার ছিল। শেষ ওভারে কাইল মিলস ম্যাচ বের করে ফেলেছিল প্রায়। আর একটা চার মারলেই তো হয়ে যেত! যাক, ওই দৃশ্যটা আমাদের দেখতে হয়নি।সাকিব বড় রান করলে দল বড় স্কোর পাচ্ছে—এটাই দেখে আসছি। একজন তো প্রতিদিন বড় স্কোর করবে না। সাকিব কাল বেশি করতে পারেনি, কিন্তু অন্যদের কাছ থেকেও বড় ইনিংস দেখলাম না। এটা একটা চিন্তার বিষয়।আমরা স্পিননির্ভর দল বলে সবাই জানে। কিন্তু পেসাররাও যে জেতাতে পারে, শেষ ম্যাচটি তারই প্রমাণ। ২০ রানে নিউজিল্যান্ডের ৫ উইকেট পড়ে গেছে। ওখানেই ম্যাচটা হাতের মুঠোয় পুরে ফেলেছি আমরা। রুবেল নিয়েছে ৩ উইকেট। রুবেলের বোলিংই ম্যাচটা প্রথম আমাদের দিকে ঘুরিয়ে দেয়।খেলা দেখে স্টেডিয়াম থেকে বেরোনোর সময় সত্যিই খুব গর্ব হচ্ছিল। শাবাশ বাংলাদেশ দল।