ভেট্টোরির আলোয় উজ্জ্বল নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইলফলক-পরিসংখ্যান এমনিতেই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। শততম টেস্টটা স্মরণীয় করে রাখার প্রতিজ্ঞা নিশ্চয়ই করেছিলেন ড্যানিয়েল ভেট্টোরি। মাঠে নামার আগে ক্রিকেট নিউজিল্যান্ডের প্রধানের কাছ থেকে পাওয়া স্মারকটাও বাড়তি প্রেরণা জুগিয়ে থাকবে। টেস্টের প্রথম দিন গেল কেবল, শেষ পর্যন্ত কী হবে, সেটা নিয়ে ভাবাও বোকামি। তবে প্রথম দিনের নায়ক কিন্তু ভেট্টোরিই।স্কোরকার্ড বলছে ৪ উইকেট নিয়েছেন ৩৬ রানে, কিন্তু মিড অফ থেকে সরাসরি থ্রোতে যেভাবে রানআউট করেছেন রিকি পন্টিংকে, সেটি ধরলে তাঁর উইকেট হয় ৫টি! ৪ উইকেট নিয়েছেন টিম সাউদিও, পরে জানিয়েছেন প্রেরণাদায়ী অধিনায়কের মাইলফলক অর্জনের দিনটিতে এমন কিছুই উপহার দিতে চেয়েছিলেন। অস্ট্রেলিয়াকে ২৩১ রানে অলআউট করে নিউজিল্যান্ডের দিনটা শেষ হয়েছে সামান্য একটু অস্বস্তি নিয়ে, ১৯ তুলতেই গেছেন ওপেনার টিম ম্যাকিন্টোশ। দিন শেষে ভেট্টোরির প্রতিক্রিয়া, ‘দারুণ একটি দিন গেল। ওয়েলিংটনে মাত্র ৫ উইকেট নেওয়ার পর এখানে আমরা যেমন করলাম এর চেয়ে বেশি কিছু আর চাইতে পারতাম না। একটা উইকেট হারানোয় একটু ক্ষতি হয়ে গেছে, তবে এখানে আমাদের যা রেকর্ড, আশা করি, পাঁচটি দিনই এমন ভালো যাবে।’ দেশের মাটিতে হ্যামিল্টনেই নিউজিল্যান্ডের জয়ের হার সবচেয়ে বেশি।সেডন পার্কের সবুজ উইকেট নিয়ে জল্পনা-কল্পনা কম হয়নি। এ জন্যই টিনএজ ব্যাটসম্যান কেন উইলিয়ামসকে না খেলিয়ে অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিনকে খেলানোর চিন্তাভাবনা করছিল নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত দুজনের কেউই নয়, একাদশে ঢুকলেন অফ স্পিনার জিতান প্যাটেল। উইকেটের ঘোমটা খোলার পর দেখা গেল, শুরুতে পেসারদের জন্য একটু সহায়ক থাকবে, কিন্তু ধীরে ধীরে হয়ে পড়বে মন্থর! কাল অস্ট্রেলিয়ার সর্বনাশ করেছে উইকেটের এই মন্থরতাই। শট খেলতে গিয়ে টাইমিংয়ের গড়বড় করে আউট হয়েছেন বেশ কয়েকজন ব্যাটসম্যান। সকালে ভাগ্যদেবী আবারও তাকিয়েছেন পন্টিংয়ের দিকে, টসের সময়টুকুই কেবল হাসতে পেরেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।ওয়েলিংটনের মতোই ২৫ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া, পুল করতে গিয়ে মিড অনে ধরা পড়েন ইনজুরি কাটিয়ে ফেরা শেন ওয়াটসন। এরপর আবার পন্টিং-ক্যাটিচের ব্যাটে অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর চেষ্টা এবং আবারও পন্টিং আউট সরাসরি থ্রোয়ে। একই সঙ্গে উঠে গেলেন অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের শীর্ষে, টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশিবার রানআউট হওয়া ব্যাটসম্যান এখন তিনিই। যে ৪৭টি বল খেলেছেন, এর মধ্যে ছিল টেস্ট ক্রিকেটে পন্টিংয়ের খেলা ২০ হাজারতম বল। দুই অঙ্ক ছুঁয়েছেন অস্ট্রেলিয়ার ৮ ব্যাটসম্যান, কিন্তু ৫০ পেরিয়েছেন কেবল ৫০তম টেস্ট খেলতে নামা সাইমন ক্যাটিচ।এ মৌসুমে দারুণ ধারাবাহিক ক্যাটিচ—সাফল্য ও ব্যর্থতা দুটোতেই। সাত টেস্টে এই নিয়ে সাতবার ‘ফিফটি’ পেরোলেন, কিন্তু তিন অঙ্কের দেখা পেয়েছেন মাত্র ১ বার। বাকি ৬ বার আউট হয়েছেন ৭৯ থেকে ৯৯-এর মধ্যে। ৫০ টেস্ট খেলতে নামা আরেকজন মাইক হাসি করেছেন ২২। নিউজিল্যান্ডের ইনিংসের প্রথম ওভারেই ম্যাকিন্টোশকে বোল্ড করে দিয়েছেন আগের টেস্টে কিউইদের ধ্বংস করে দেওয়া বলিঞ্জার। তবে দিনের বাকি ১২ ওভার উইকেট কামড়ে পড়ে ছিলেন ব্রাডলি ওয়াটলিং ও দুই বছর পর টেস্ট খেলতে নামা ম্যাথু সিনক্লেয়ার। ওয়েবসাইট।