ভেট্টোরির ক্যারিয়ারে অনিশ্চয়তার আঁধার!

ইনজুরির ছোবলে ড্যানিয়েল ভেট্টোরি ভুগছেন বহুদিন ধরেই। ইনজুরি এখন কালো মেঘ হয়ে দাঁড়িয়েছে সৌম্যদর্শন অলরাউন্ডারের। স্বাভাবিকভাবে ক্যারিয়ার নিয়েও বিচলিত সাবেক ব্ল্যাক ক্যাপস অধিনায়ক। ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট ও ওয়ানডে সিরিজেও দলের বাইরে থাকতে হচ্ছে ইনজুরির কারণেই। প্রশ্ন উঠেছে, ৩৫ পূর্ণ করতে চলা ভেট্টোরির আন্তর্জাতিক ক্যারিয়ারটাই কি তবে শেষ হয়ে গেল?
সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১২ সালের জুলাইয়ে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর ওয়ানডে খেলেছেন গত বছর জুনে, ইংল্যান্ডের বিপক্ষে। বারবার ইনজুরির থাবায় রীতিমতো বিপর্যস্ত ভেট্টোরি। সম্প্রতি টি-টোয়েন্টি বিগ ব্যাশ লিগ খেলতে গিয়ে আবার ইনজুরিতে পড়তে হয়েছে। তিনটি ব্যথানাশক নিয়ে ফিরেছেন দেশে। এ মাসের শেষে নিউজিল্যান্ড কোচ মাইক হেসন ও অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে ভবিষ্যত্ নিয়ে নাকি কথা বলবেন তিনি।
চলতি মৌসুমে গোড়ালিতে অস্ত্রোপচার করার পরও পুরোপুরি সেরে উঠতে পারেননি। এভাবে চলতে থাকলে এই বয়সে ভেট্টোরির পক্ষে আবার পূর্ণ সামর্থ্য নিয়ে ফিরে আসা কঠিনই। ক্যারিয়ারের পাশে যতিচিহ্ন বসে যাওয়া তাই অস্বাভাবিক নয়। যদিও ঘরের মাঠে ২০১৫ বিশ্বকাপে খেলার স্বপ্ন তাঁর চোখে-মুখে। কিন্তু লাগাতার ইনজুরি সে স্বপ্ন বাস্তবায়ন করতে দেবে কি না, সেটিই প্রশ্ন।