ভেট্টোরির প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যানিয়েল ভেট্টোরি: সততা ও সাহসিকতায় অনন্য
ড্যানিয়েল ভেট্টোরি: সততা ও সাহসিকতায় অনন্য

পরনে নীল ট্রাউজার আর নিউজিল্যান্ডের কালো অনুশীলন জার্সি। দাড়ি কামিয়ে মাঝে কদিনের জন্য সেই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ুয়া ছাত্র বনে গিয়েছিলেন। এখন আবার সেই শ্মশ্রুমণ্ডিত সৌম্য চেহারা। দুই হাতে দুটি ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এলেন অকল্যান্ডের সংবাদ সম্মেলনে। স্বভাবসুলভ শান্ত ভঙ্গি আর ভরাট কণ্ঠে বললেন, ফিরিয়ে দিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের চুক্তি!

নিজ দেশের বোর্ডের কেন্দ্রীয় চুক্তি ফিরিয়ে দেওয়ার রেওয়াজটা পুরোনো হয়ে গেছে। অ্যান্ড্রু ফ্লিনটফই প্রথম ‘মুক্ত খেলোয়াড়’ হয়ে পথ দেখান। ক্রিকেট-বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি লিগগুলোয় নির্বিঘ্নে খেলার জন্য গেইল-পোলার্ডরা বোর্ডের চুক্তিতে সই করেননি। বোর্ডের চুক্তি ফিরিয়ে দিয়েও ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে অধিনায়ক ডোয়াইন ব্রাভো। কিপটে বোলিং, কার্যকরী ব্যাটিং, সঙ্গে নেতৃত্ব ও অভিজ্ঞতা মিলিয়ে টি-টোয়েন্টির বাজারে ভেট্টোরির চাহিদাও কম নয়। তবে সেই বাজারে নিজেকে আরও আকর্ষণীয় পণ্য বানাতে নয়, ভেট্টোরি চুক্তি ফিরিয়ে দিয়েছেন বরং সততা ও দায়বদ্ধতা থেকেই!

চোট নিয়ে লম্বা ভোগান্তি যাচ্ছে সাবেক অধিনায়কের। টেস্ট খেলেন না প্রায় এক বছর। আড়াই বছর পর প্রথম ওয়ানডে খেললেন সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফিতে, সেখানেও চোটে ভুগেছেন। গত ১৯ জুন তাই লন্ডনে অস্ত্রোপচার করিয়েছেন একিলিস টেন্ডনে। অন্তত আগামী ছয় মাস থাকতে হবে মাঠের বাইরে, সময়টা বাড়তে পারে আরও। এই দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা নিশ্চিত জেনেও চুক্তি করাটা নৈতিক মনে হয়নি ভেট্টোরির কাছে, ‘চোট থেকে সেরে উঠতে যতটা সময় মাঠের বাইরে থাকতে হবে এবং আবার কবে খেলতে পারব এটা নিয়ে যতটা অনিশ্চয়তা, তাতে এ বছর চুক্তিতে থাকা আমার কাছে ঠিক মনে হয়নি। আগামী ছয় মাসে কঠোর পরিশ্রম করে চেষ্টা করব মাঠে ফিরতে। সামনের মাসগুলোয় পুনর্বাসন-প্রক্রিয়ায় মন দেব।’

মাঠে ফেরার তাড়নাতেই পরিষ্কার, হাল ছাড়ছেন না নিউজিল্যান্ড ক্রিকেটের একসময়কার সর্বেসর্বা ব্যক্তিটি। যদিও বারবার চোটাঘাতে যথেষ্টই বিরক্ত। তবে এর শেষ দেখতে চান ৩৪ বছর বয়সী স্পিনার, ‘এই চোট থেকে পুরোপুরি মুক্তি পাওয়ার শেষ প্রচেষ্টা এই অস্ত্রোপচার। আমার সার্জনেরও বিশ্বাস, এবার সব ঠিক হয়ে যাবে। দেড় বছর ধরে চোটের সঙ্গে অনেক যুদ্ধ করতে হয়েছে। এক দিক থেকে মাঠে নামার ক্ষুধাটাও কমিয়ে দেয় এটা। তবে চোটটাই যেহেতু মূল কারণ, এটা ঠিক হয়ে গেলে কে জানে হয়তো ক্ষুধাটা ফিরে আসবে।’

‘সততা ও সাহসী সিদ্ধান্তের’ জন্য ভেট্টোরিকে ধন্যবাদ জানিয়ে তাঁকে খুব দ্রুত ফিরে পাওয়ার আশা করছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট। ক্রিকেটারদের সংগঠনের প্রধান হিথ মিলস বলেছেন, ‘আরও একবার নিজের জাত চেনাল ভেট্টোরি।’ ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আছে, তবে মিলসের কথাটাই আসলে শেষ কথা। এই সিদ্ধান্তে ভেট্টোরির প্রতি ক্রিকেট-বিশ্বের শ্রদ্ধাবোধ বেড়ে যাবে আরও। ওয়েবসাইট।