ভেট্টোরির হতাশা, পন্টিংয়ের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকেটে যাওয়ার পরপরই জোরালো এলবিডব্লুর আবেদন। রানের খাতা খোলার আগে আরেকবার বেঁচে গেলেন রানআউট হতে হতে। ২০ রানে ক্যাচ দিয়েও পার পেয়ে গেলেন একটু আগেই শর্ট লেগ ফিল্ডারকে সরিয়ে নেওয়ায়। ৩৪ রানের মাথায় তাঁর ডাকে সাড়া দিয়ে রানআউট হলেন দারুণ খেলতে থাকা উসমান খাজা। ৬৩ রানে আরেকবার বেঁচে গেলেন জোরালো এলবিডব্লুর আবেদন থেকে। আলোকস্বল্পতায় টানা দ্বিতীয় দিনের মতো যখন আগেই শেষ হলো দিনের খেলা, রিকি পন্টিং অপরাজিত ৬৭ রানে।তাঁর প্রতিটি ইনিংসই এখন ক্যারিয়ার বাঁচানো আর শেষ হওয়ার দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। টানা দ্বিতীয় ফিফটিতে ক্যারিয়ারটাকে আপাতত আরেকটু লম্বা করতে পেরেছেন পন্টিং। আজ সুযোগ প্রায় দুই বছরের টেস্ট সেঞ্চুরি খরা ঘোচানোর।পন্টিংয়ের ইনিংসের মতো ঘটনার ঘনঘটা ছিল ব্রিসবেন টেস্টের পুরো দ্বিতীয় দিনেই। দারুণ এক সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থাকতে ভেট্টোরির আত্মহত্যা, পাঁচ বছর পর গ্যাবায় কোনো স্পিনারের ৪ উইকেট, নতুন বলে স্পিন, আরও একবার অভিষেক ইনিংসে অস্ট্রেলিয়ান ওপেনারের দুই অঙ্ক ছুঁতে না পারা আর শেষ বিকেলে নো বলে মাইকেল ক্লার্কের বোল্ড হওয়া। ক্লার্ক বেঁচে যাওয়াতেই দ্বিতীয় দিন শেষে খানিকটা এগিয়ে রাখতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। তবে আজ সকালে দু-একটি উইকেট নিতে পারলে ভালোভাবেই ম্যাচে ফিরবে নিউজিল্যান্ড। পন্টিংয়ের ইনিংসের এত ঘটনায় মনে হতে পারে কেবল সৌভাগ্যের ভেলাতে চেপেই এগিয়েছেন পন্টিং। আদতে খেলেছেন দারুণ সব শট। স্ট্রেট ড্রাইভ, কভার ড্রাইভ, ফ্লিক, পুল—১১ চারের সবগুলোই মনে করিয়ে দিয়েছে তাঁর সেরা সময়ের কথা। ২৫ রানে ২ উইকেট হারানোর পর খাজা-পন্টিংয়ের তৃতীয় উইকেট জুটিতে এসেছে ৬৬ রান। পন্টিং-ক্লার্কের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটি ৬৩ রানের। আলোচিত তিন অভিষিক্তের একজন, ডেভ ওয়ার্নার (৩) আউট হয়েছেন টেস্ট ক্রিকেটে তাঁর দ্বিতীয় বলেই। ওয়ার্নারের আগে অভিষেক ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেননি অস্ট্রেলিয়ার সর্বশেষ পাঁচ ওপেনার—হিউজ, রজার্স, জ্যাকস, হাসি ও এলিয়ট।অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম আর ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরিটা হাত থেকে ফেলে দেওয়ার দায় পুরোপুরিই ভেট্টোরির। লায়নের এক ওভারে দুই চার মারার পর হঠা ৎই কী বুঝে ঝুঁকিপূর্ণ সিঙ্গেল নিতে গেলেন। মিড অফে মাইক হাসির সরাসরি থ্রোতে রানআউট। এই নিয়ে নড়বড়ে নব্বইয়ে চারবার আউট হলেন ভেট্টোরি। নাথান লায়নের অফ স্পিন এরপর আর বেশি এগোতে দেয়নি কিউইদের। জীবনে প্রথম গ্যাবায় বোলিং করেই লায়নের ৪ উইকেট।লায়নের কারণেই জন্মভূমিতে ফেরাটা রূপকথার পূর্ণতা পেল না ডিন ব্রাউনলির। জন্ম পার্থে, দুই বছর আগে পর্যন্তও ওখানেই থাকতেন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া দলেও সুযোগ না পেয়ে চলে যান বাবার জন্মভূমি নিউজিল্যান্ডে। প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক গত বছর, গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক। ওই ম্যাচে করেছিলেন ৬৩ ও ৯। জন্মভূমিতে অভিষেকে সেঞ্চুরি হলো না কাল সঙ্গীর অভাবে। ৭৭ রানে অপরাজিত ইনিংসটিতে আনন্দের সঙ্গে তাই আক্ষেপও মিশে থাকল। তথ্যসূত্র: স্টার ক্রিকেট ও ওয়েবসাইট।