ভেট্টোরির হতাশা ও আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিম সাউদির বদলে যদি কাল পাকিস্তানের শেষ উইকেটটা পেতেন ড্যানিয়েল ভেট্টোরি! ক্যারিয়ারে ২০তম বারের মতো ইনিংসে ৫ উইকেট হতো। তার চেয়েও গুরুত্বপূর্ণ, ঢুকে যেতেন অভিজাত এক ক্লাবে, টেস্ট ইতিহাসে যে ক্লাবের সদস্যসংখ্যা মাত্র ২৬। একই টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট। ১৮৯৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে কেপটাউন টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ১০৬ রান করে এই ক্লাবের উদ্বোধন করেছিলেন দক্ষিণ আফ্রিকার জিমি সিনক্লেয়ার। সর্বশেষ এই কৃতিত্ব দেখিয়েছেন জ্যাক ক্যালিস, ২০০২ সালে বাংলাদেশের বিপক্ষে। সবচেয়ে বেশি পাঁচবার এই ‘ডাবল’ আছে ইংল্যান্ডের ইয়ান বোথামের। ৫ উইকেট পেলে ভেট্টোরি জায়গা পেতেন আরেকটা ছোট্ট তালিকায়। অধিনায়ক হিসেবে এই কৃতিত্ব আছে মাত্র চারজনের—ওয়েস্ট ইন্ডিজের ডেনিস অ্যাটকিনসন ও গ্যারি সোবার্স, পাকিস্তানের মুশতাক মোহাম্মদ ও ইমরান খানের। তবে ভেট্টোরির এখনই হতাশ হওয়ার কিছু নেই, ওয়েলিংটনে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস এখনো বাকি!