ভেড়া বলি দিয়ে বিপদে কাজাখ ক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের আগে ভেড়া বলি ভালোই কাজে দিয়েছিল শাখতার কারাগেন্ডির।সেল্টিকের বিপক্ষে প্রথম ম্যাচটা তারা জিতেছিল ২-০ গোলে। ফাইল ছবি
ম্যাচের আগে ভেড়া বলি ভালোই কাজে দিয়েছিল শাখতার কারাগেন্ডির।সেল্টিকের বিপক্ষে প্রথম ম্যাচটা তারা জিতেছিল ২-০ গোলে। ফাইল ছবি

বড় কোনো কাজ করার আগে ভেড়া বলি দেওয়াটা সৌভাগ্য বয়ে আনে বলেই বিশ্বাস করে কাজাখস্তানের মানুষ। কাজাখ ক্লাব শাখতার কারাগেন্ডির ফুটবলাররাও এ জন্য ভেড়া বলি দিয়েছিলেন সেল্টিকের বিপক্ষে মাঠে নামার আগে। বলিদান বৃথা যায়নি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের এই প্লে অফ ম্যাচে নিজেদের মাঠে প্রথম লেগের খেলায় ২-০ গোলে জিতে গিয়েছিল শাখতার। কিন্তু ঝামেলা বেধেছে দ্বিতীয় লেগের খেলার আগে। স্কটল্যান্ডে গিয়েও ভেড়া বলি দেওয়ার মতো কাজ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছিল উয়েফার পক্ষ থেকে।
প্রতিপক্ষের মাঠে খেলতে নামার আগেও যে বলি দেওয়ার পরিকল্পনা ছিল, সেটা আগেই জানিয়েছিলেন শাখতারের কোচ ভিক্তর কুমিকোভ। তাঁর মতে, ঐতিহ্যবাহী এই প্রথা অনেক ক্ষেত্রেই খেলোয়াড়দের মনে ইতিবাচক প্রভাব ফেলে। উয়েফা ও স্কটিশ পুলিশের বাধা পেরিয়ে তারা আবার ভেড়া বলি দিতে পেরেছে কি না, তা এখনো জানা যায়নি। খুব সম্ভবত পারেনি। প্রথম লেগ জিতে চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্বে এক পা দিয়ে রাখা শাখতার কিন্তু কাল ফিরতি লেগটা ৩-০ গোলে হেরে বিদায়ও নিয়েছে। এর পর থেকে উয়েফা কিংবা পুলিশ হয়তো কোনো অবস্থাতেই ভেড়া বলিদান থেকে বিরত রাখতে পারবে না তাদের!

তবে সাফল্য অর্জনের উদ্দেশ্যে প্রাণী হত্যার মতো কাজ কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় বলে মনে করে উয়েফা। প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর ক্ষোভের মুখে এক বিবৃতিতে উয়েফা বলেছে, ‘শাখতার ফুটবল ক্লাবকে লিখিতভাবে জানানো হয়েছে যে, ইউরোপের কোনো প্রতিযোগিতায় প্রাণী বলি দেওয়ার মতো কাজ গ্রহণযোগ্য হবে না। যদি আবার এ রকম কিছু হয়, তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

শাখতারের এই ভেড়া বলি দেওয়ার ঘটনাটি গত সপ্তাহে উয়েফার নজরে এনেছিল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রাণী অধিকার সংগঠন পেটা। তারা এই ‘নৃশংস’ প্রথা বন্ধের দাবি জানিয়েছিল। রয়টার্স।