ভেতরে ভেতরে আরও লড়াকু যুবরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিরপরিচিত সেই হাসিটা ফিরেছে মুখে। ফিরতে শুরু করেছে চুলও। মুটিয়ে যাওয়া শরীরটাকেও বশে এনেছেন। ক্যানসারজয়ী যুবরাজ সিং ক্রমেই ফিরছেন পুরোনো চেহারায়। তবে বাইরেরটা আগের চেহারায় ফিরলেও ক্যানসারের সঙ্গে লড়াই বদলে দিয়েছে ভেতরটা। মানসিকভাবে আরও বেশি শক্ত, আগের চেয়ে অনেক বেশি ইতিবাচক ও বেশি ধার্মিক—নিজের ভাষায় এই হলো এখনকার যুবরাজ!শেবাগ-কোহলিরা যখন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলছেন হায়দরাবাদে, যুবরাজ সিং তখন ঘাম ঝরাচ্ছেন বেঙ্গালুরুর জাতীয় একাডেমিতে। আর তাকিয়ে আছেন ৮ সেপ্টেম্বরের দিকে। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের আনুষ্ঠানিক বিজয় হবে সেদিনই। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আবার ভারতের জার্সি গায়ে মাঠে নামবেন যুবরাজ। ক্যারিয়ারের নতুন ইনিংসের জন্য নিজেকে প্রস্তুত করছেন প্রতিদিন ৬ ঘণ্টা অনুশীলন করে। তবে কঠোর অনুশীলনের সঙ্গে নিয়ম করে প্রতিদিন চলছে ধর্মকর্মও, ‘আমি আমার জীবন ফিরে পেয়েছি, এটা একটা নতুন ইনিংস...আগে আমি শুধু উপাসনালয়ে গেলেই প্রার্থনা করতাম। আমার মা ও গুরুজির সৌজন্যে প্রার্থনা করাটা এখন এটা দৈনিক ব্যাপার হয়ে গেছে। এমন নয় যে লম্বা সময় ধরে প্রার্থনা করি, এই ১০-১২ মিনিট...কিন্তু নিয়মিত। এখন আমি অনেক বেশি ধার্মিক।’ক্যানসার যে যুবরাজের জীবনদর্শন পাল্টে দিয়েছে, সেটা তো বোঝাই যাচ্ছে। ৩০ বছর বয়সী অলরাউন্ডারের মনোজগতে এনেছে অনেক ইতিবাচক পরিবর্তনও, ‘আমি সব সময়ই ইতিবাচক মানসিকতার ছিলাম, তবে অসুস্থতা আমাকে আরও ইতিবাচক করে তুলেছে। আগেই যেমন বলেছি, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি...এবং অবশ্যই আমি আগের চেয়ে মানসিকভাবে অনেক শক্তিশালী। রোগমুক্তির জন্য টানা তিন-চার মাস ধরে আমাকে শারীরিক ও মানসিকভাবে যুদ্ধ করতে হতো। আমি সেটা সাফল্যের সঙ্গে করতে পেরেছি।’ একসময়ের ‘প্লে-বয়ের’ জীবনাচরণও এখন অনেক নিয়ন্ত্রিত, ‘কী করতে হবে বা কী করা যাবে না, এসবের কোনো তালিকা আমাকে দেওয়া হয়নি। তবে খাওয়া-দাওয়াটা এখন আমি নিয়মিত করি, চেষ্টা করি রাতে দ্রুত বিছানায় যেতে।’সুসময় ফিরলেও দুঃসময়কে ভুলতে পারেন না যুবরাজ। কেমোথেরাপির দিনগুলোর কথা মনে পড়লে এখনো গা শিউরে ওঠে ভারতের বিশ্বকাপ জয়ের নায়কের, ‘কেমোথেরাপি খুব কষ্টকর একটা প্রক্রিয়া...তৃতীয় সাইকেল শেষ হওয়ার পর আমার শরীর একদম ভেঙে পড়েছিল। শেষ পাঁচ দিন তো হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। এমনও সময় গেছে, আমাকে থাকতে হয়েছে হুইলচেয়ারে। কেমোর চতুর্থ সাইকেল নিতে হলে আমি টিকতে পারতাম না, নিশ্চিতভাবেই মরে যেতাম...।’মৃত্যুকে কাছ থেকে দেখেছেন বলেই জীবনের মূল্যটা এখন ভালো করে বুঝতে পারেন। ক্যানসার-সচেতনতার জন্য তাই চালু করেছেন তাঁর ফাউন্ডেশন ‘ইউ উই ক্যান’। আন্তর্জাতিক ক্রিকেটে দাপটে নিজেকে আবার প্রতিষ্ঠিত করার পাশাপাশি যুবরাজের স্বপ্ন এখন এই ফাউন্ডেশনকে ঘিরে, ‘আমি যদি ক্যানসারকে হারাতে পারি, আপনিও পারবেন। ইউ উই ক্যানের জন্ম এই ভরসা দিতেই। ডিসেম্বরে গুরগাঁওয়ে আমাদের প্রথম সেন্টারের উদ্বোধন হবে। ক্যানসার নিয়ে লুকোচুরির দিন শেষ। দ্রুত রোগ শনাক্ত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমিই এর জলজ্যান্ত উদাহরণ।’ ওয়েবসাইট।