ভেতরে ভেতরে ক্ষুব্ধ কোচ
একটু আগে কাঠমান্ডু বিমানবন্দরে রওনা দিয়েছে বাংলাদেশ দল। গন্তব্য ঢাকা। পরের ফ্লাইট ধরবেন বলে হোটেলে রয়ে গেলেন লোডভিক ডি ক্রুইফ। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে নির্ভার হাঁটছেন হোটেলের লবিতে। বেশ ফুরফুরে। মজা-টজাও করলেন অনেকের সঙ্গে।
কিন্তু এটা তো বলে দিতে হয় না যে, মনের মধ্যে ঝড় ঠিকই বইছে। ‘ঝড়’ প্রকাশ করে লাভ নেই, সেটি ভালোভাবেই বুঝে গেছেন ডাচ কোচ। পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায়ের পর পরই বাংলাদেশ দলের পারফরম্যান্সের ময়নাতদন্ত করেছেন সংবাদ সম্মেলনে। এক শ ভাগ মাঠে না দেওয়ায় কাঠগড়ায় তুলেছেন কয়েকজন খেলোয়াড়কে। জাতীয় দলে ওই খেলোয়াড়দের বিদায় বলে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন, ‘কয়েকজন খেলোয়াড় মাঠে ৭০-৮০ ভাগ দিয়েছে। তাদের ব্যাপারে ভাবতে হবে। ঢাকায় ফিরে আমি নতুন খেলোয়াড় নির্বাচনে নামব।’
সেই অভিযুক্ত খেলোয়াড় কারা? ডি ক্রুইফ মুখ খুলতে নারাজ। তবে সবার আগে উইঙ্গার জাহিদের নাম চলে আসছে। প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেননি এই তরুণ। মাঠে পরিশ্রম করলে হয়তো কোচ ‘ক্ষমা’ করতেন। কিন্তু এই সফরে জাহিদ এমনই হতাশ করেছেন যে, তাঁকে ঘিরে গুঞ্জন ডালপালা মেলেছে।
ডি ক্রুইফের কানেও সেসব পৌঁছেছে। দলবদল চলছে। তাই অনেক খেলোয়াড় পা বাঁচিয়ে খেলেছেন বলে বাংলাদেশ শিবিরে এমন অভিযোগ উচ্চারিত হয়েছে প্রকাশ্যেই। নেপাল ম্যাচে একেবারেই নিষ্প্রভ ছিলেন জাহিদ। ব্যাপারটা তাঁর কানে তুলে ধরলে উড়িয়েই দিয়েছিলেন দলবদলে দুই ক্লাব থেকে টাকা নিয়ে সমালোচনার মুখে পড়া জাহিদ, ‘কী যে বলেন না। আমি হানড্রেড পার্সেন্টই খেলার চেষ্টা করেছি।’ ভারত ম্যাচে তাঁকে মাঠের বাইরে রেখে কোচ পাকিস্তান ম্যাচে ফিরিয়ে আনেন একাদশে। কিন্তু নিষ্ক্রিয় জাহিদকে দ্বিতীয়ার্ধে আর মাঠে পাঠাননি ডি ক্রুইফ।
ওই দিন সংবাদ সম্মেলনে জাহিদের ব্যাপারে ডি ক্রুইফের মন্তব্য ছিল এমন, ‘আমি ওকে সুযোগ দিয়েছি। দেখলেন তো, ও কী করেছে।’ নাম উদ্ধৃত করা হবে না, এমন প্রতিশ্রুতি দেওয়ার পরও কাল ডি ক্রুইফ ‘অভিযুক্ত’ কারোর নাম বললেন না। তবে আকার-ইঙ্গিতে বুঝিয়েছেন, এই সাফে দলের বড় ভরসা হয়ে আসা জাহিদের ওপর মহাক্ষুব্ধ তিনি।
ডিফেন্ডার আরিফের ওপরও ক্ষোভ প্রকাশ করেছেন। আরিফের দুলকি চালে রক্ষণকাজ দলের জন্য বিপদ এনেছে, এটা মুখে না বললেও কোচ অন্যভাবে বুঝিয়েছেন। ওয়ালি ফয়সালের ওপরও আর আস্থা রাখতে পারছেন না। অনেকটা আস্থা হারিয়েছেন ডিফেন্ডার লিংকনের ওপরও। পাকিস্তান ম্যাচে তাঁকে ওপরে উঠতে কমই দেখা গেছে। দলের জন্য খেলোয়াড়দের জান-প্রাণ দিয়ে লড়াই করার মানসিকতার ঘাটতি আছে, বলছেন ডি ক্রুইফ।
একমাত্র ডিফেন্ডার মিশুর (ভারত ম্যাচে গোল করেছিলেন) প্রশংসাই বেশি শোনা গেল কোচের কণ্ঠে। সঙ্গে রসিকতাও, ‘বাংলাদেশ এমন দেশ, যেখানে হয়তো ওকে কখনো গোলরক্ষক হিসেবে নামিয়ে দেওয়া হতে পারে!’
গোলরক্ষক মামুন খান দু-তিনটি ভালো সেভ করে বাজে সব গোলও খেয়েছেন। অধিনায়ক মামুনুল ইসলাম হাঁটুর ব্যথায় খেলতে পারেননি প্রথম ম্যাচ। পরের দুটিতে শেষ ১০ মিনিট করে খেলেছেন। মামুনুল আরও কিছু সময় খেলতে পারতেন কি না, কৌতূহলটা অনেকেরই। যদিও তাঁর দেশপ্রেম নিয়ে প্রশংসা করেছেন ডি ক্রুইফ। স্ট্রাইকার শাখাওয়াত রনি পুরো ফিট না হলেও কেন এলেন দলের সঙ্গে, সেটি বড় প্রশ্ন। নেপাল ম্যাচে শেষ পনেরো মিনিট নামানোর পর তাঁর কুঁচকির ব্যথা নাকি বেড়েছে। তার মানে, শাখাওয়াত এক শ ভাগ ফিট ছিলেন না!