ভেনাস নীরবে...
এবারের ইউএস ওপেন জিতেই স্টেফি গ্রাফকে ছাড়িয়ে যাবেন সেরেনা উইলিয়ামস? উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের মালিকানা পেতে একটি মাত্র শিরোপাই দরকার সেরেনার। মাতামাতিটা তাই তাঁকে নিয়েই। ছোট বোনের আলোকচ্ছটায় বড় বোন ভেনাসকে খুঁজে পাওয়াই ভার। কিন্তু পরশু ইউএস ওপেনের প্রথম রাউন্ডে খেলতে নেমে সেরেনার আগেই একটি রেকর্ড ভেঙেছেন ভেনাস। এবারের ইউএস ওপেন ৩৬ বছর বয়সী ভেনাসের ৭২তম গ্র্যান্ড স্লাম। মেয়েদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম খেলার রেকর্ডে ভেনাস পেছনে ফেললেন সাবেক স্বদেশি খেলোয়াড় এমি ফ্রেজিয়ারকে।
ইউক্রেনের কাতেরিনা কোজলোভাকে হারিয়েই উপলক্ষটা উদ্যাপন করেছেন ভেনাস। ইউএস ওপেনে ১৮ বার অংশ নিয়ে ১৮ বারই প্রথম রাউন্ড পেরোলেন ১৯৯৭ সালে প্রথম গ্র্যান্ড স্লামে খেলা ভেনাস। একই দিনে রাশিয়ার একাতেরিনা মাকারোভাকে সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছেন সেরেনাও। জয় পেয়েছেন উইম্বলডন ও অলিম্পিক চ্যাম্পিয়ন অ্যান্ডি মারেও। দ্বিতীয় বাছাই মারে চেক প্রজাতন্ত্রের লুকাস রোসলকে ৬-৩, ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন। এএফপি।