ভেনাসকে হারালেন অপ্রতিরোধ্য শারাপোভা
এবারের অস্ট্রেলিয়ান ওপেনের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছেন মারিয়া শারাপোভা। প্রথম ও দ্বিতীয় রাউন্ডে এই রাশিয়ান তারকা জিতেছিলেন পূর্ণ পয়েন্টের ব্যবধানে। এবার তৃতীয় রাউন্ডে তিনি ধরাশায়ী করেছেন আমেরিকান টেনিস তারকা ভেনাস উইলিয়ামসকে। ভেনাসকে ৬-১, ৬-৩ ব্যবধানে হারিয়ে চতুর্থ রাউন্ডের টিকিট নিশ্চিত করেছেন শারাপোভা।১৯৮৫ সালের পর গ্রান্ড স্ল্যামে এবারই প্রথমবারের মতো টানা দুটি ম্যাচ ৬-০, ৬-০ গেমে জেতার কৃতিত্ব অর্জন করেছেন শারাপোভা। তাঁর এই দুর্দান্ত ফর্ম অব্যাহত থেকেছে তৃতীয় রাউন্ডের ম্যাচেও। আজ শারাপোভার কাছে ধরাশায়ী হয়েছেন ভেনাস উইলিয়ামস। তাঁর বিপক্ষে পূর্ণ পয়েন্টের ব্যবধানে জয় না পেলেও ম্যাচের নিয়ন্ত্রণ যে শারাপোভার হাতেই ছিল, সেটা বেশ ভালোভাবেই বোঝা গেছে। ৬-১, ৬-৩ গেমের এই জয় পেতে শারাপোভার সময় লেগেছে ৭৯ মিনিট। দুর্দান্ত এই জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন দ্বিতীয় বাছাই মারিয়া শারাপোভা। চতুর্থ রাউন্ডের ম্যাচে এবার তাঁর প্রতিপক্ষ বেলজিয়ামের কারস্টেন ফ্লিপকেনস। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনে শারাপোভা তৈরি করেছেন এক অপ্রতিরোধ্য মূর্তি। এই দুর্দান্ত ফর্ম অব্যাহত থাকলে হয়তো ২০০৮ সালের পর এবার দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেন শিরোপাটা হাতে তুলতে পারবেন এই রাশিয়ান টেনিস তারকা।— রয়টার্স